আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ফিল্ড অফিসে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার সকালে স্থানীয় সময় প্রায় ৬টা ৪০ মিনিটে উত্তর-পশ্চিম ডালাসে অবস্থিত এ কার্যালয় লক্ষ্য করে পাশের একটি ভবন থেকে নির্বিচারে গুলি চালায় এক বন্দুকধারী। এতে একজন মারা গেছেন এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।
বন্দুকধারী নিজ অস্ত্রের গুলিতে প্রাণ হারান বলে স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ডালাস পুলিশ বিভাগ জানায়, খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্দুকধারী নিকটবর্তী একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদ থেকে আইসিই কার্যালয় লক্ষ্য করে গুলি চালান।
হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিশা ম্যাকলাফলিন জানান, আইসিই কর্মকর্তারা নিরাপদ আছেন। তবে নিহত ও আহতদের মধ্যে আইসিই হেফাজতে থাকা ব্যক্তি কিংবা স্থানীয় নিরাপত্তারক্ষী রয়েছেন কি না, তা নিশ্চিত নয়। তার মতে, ঘটনাটি অনেকাংশেই স্নাইপার-ধরনের হামলা বলে মনে হচ্ছে।
আইসিইর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স জানান, আহতদের মধ্যে আটক ব্যক্তিরাও রয়েছেন। এদের মধ্যে অন্তত দুজনকে পার্কল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা প্রকাশ করা হয়নি।
ঘটনাটি আমেরিকায় রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। মাত্র দুই সপ্তাহ আগে ইউটাহ অঙ্গরাজ্যের ওরেম শহরে এক অনুষ্ঠানে রক্ষণশীল কর্মী চার্লি কার্ক স্নাইপার হামলায় নিহত হন। এর পর থেকে দেশজুড়ে ডান ও বামপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।
অভিবাসন নীতি বাস্তবায়নে আইসিইর কঠোর পদক্ষেপ এবং আটককেন্দ্রে এজেন্টদের আচরণ দীর্ঘদিন ধরে বিতর্কিত। সাম্প্রতিক বছরগুলোতে আইসিই কার্যালয় ও আটককেন্দ্রগুলো ঘিরে বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতার ঘটনাও বেড়েছে। গত জুলাইয়ে টেক্সাসের আলভারাডোতে একটি আটককেন্দ্রকে কেন্দ্র করে বিক্ষোভে গুলি চালনার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হন।
ডালাসের সর্বশেষ এ হামলা অভিবাসন নীতি, রাজনৈতিক সহিংসতা ও জাতীয় নিরাপত্তা নিয়ে আমেরিকায় চলমান উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে।




