বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিয়ে জাতিসংঘের কঠোর সমালোচনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া সাধারণ বিতর্ক পর্বে প্রথমে বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এরপর মঞ্চে আসেন ট্রাম্প। বক্তব্যের শুরুতেই জাতিসংঘ সদর দফতরের ভাঙা এসক্যালেটর ও অকার্যকর টেলিপ্রম্পটার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের সম্ভাবনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা আছে, কিন্তু এটি সেই মানে পৌঁছাচ্ছে না।” তিনি দাবি করেন, শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের পরিবর্তে তাকে এগিয়ে আসতে হয়েছে। তাঁর ভাষায়, তিনি বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ থামিয়েছেন এবং এজন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

তিনি ইসরায়েল-ইরান, পাকিস্তান-ভারত, রুয়ান্ডা-কঙ্গো, থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, মিশর-ইথিওপিয়া এবং সার্বিয়া-কসোভোর মধ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতা করার কৃতিত্ব নিজের নামে দাবি করেন।

ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলেন, চীন ও ভারত রাশিয়ার তেল কিনে যুদ্ধের অর্থ জুগিয়ে যাচ্ছে। ন্যাটো দেশগুলোর অনেকেও এখনও রুশ জ্বালানি আমদানি করছে বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি রাশিয়া শান্তি চুক্তিতে রাজি না হয়, তাহলে ওয়াশিংটন কঠোর শুল্ক আরোপ করবে। এতে খুব দ্রুত রক্তপাত বন্ধ হবে।”

নিজের প্রশাসনের সাফল্য তুলে ধরে ট্রাম্প জানান, তিনি ক্ষমতায় আসার পর থেকে আমেরিকা সবচেয়ে শক্তিশালী অর্থনীতি, সেনাবাহিনী এবং সীমান্ত সুরক্ষা অর্জন করেছে। তিনি অবৈধ অভিবাসন ‘শূন্যে নেমে আসার’ কথাও দাবি করেন।