বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সাত যুদ্ধ থামানোর জন্য সাতটি নোবেল পুরস্কার দাবি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ভারত-পাকিস্তানসহ বিশ্বের সাতটি যুদ্ধ তিনি নিজেই থামিয়েছেন। আর প্রতিটি যুদ্ধ বন্ধের জন্য তাঁর একটি করে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য।

শনিবার (২০ সেপ্টেম্বর) ‘আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনার’-এ বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ দাবি করেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, “আমরা শান্তি চুক্তি তৈরি করছি, যুদ্ধ থামাচ্ছি। যেমন: আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও। ভারত-পাকিস্তান যুদ্ধ আমি থামিয়েছি বাণিজ্যের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “আমি বলেছিলাম—আপনারা যদি লড়াই না থামান, আমরা বাণিজ্য করব না। আর তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা থেমে গেল।”

ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের সময় থামিয়ে দেওয়া যুদ্ধগুলোর মধ্যে রয়েছে: ভারত–পাকিস্তান, থাইল্যান্ড–কম্বোডিয়া, আর্মেনিয়া–আজারবাইজান, কসোভো–সার্বিয়া, ইসরায়েল–ইরান, মিশর–ইথিওপিয়া, রুয়ান্ডা–কঙ্গো। এই সাতটির মধ্যে ছয়টিই বাণিজ্যচাপে থেমেছে বলে দাবি করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, তাকে বলা হয়েছিল—যদি তিনি রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ থামাতে পারেন, তাহলে তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন। কিন্তু সেই যুদ্ধ থামানো না গেলেও বাকি সাতটি থামানো হয়েছে বলে তার দাবি। “আমি বলেছিলাম—আমি সাতটা যুদ্ধ থামিয়েছি। আপনি একটার কথা বলছেন, সেটাও বড় যুদ্ধ। তবে যেভাবেই হোক, আমরা এটাও থামাব,” বলেন ট্রাম্প।

ট্রাম্প দাবি করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সুসম্পর্ক থাকায় ভেবেছিলেন ইউক্রেন যুদ্ধ শেষ করা সবচেয়ে সহজ হবে। তবে এ ক্ষেত্রে পুতিন তাঁকে হতাশ করেছেন। তবুও তিনি বিশ্বাস করেন, এই যুদ্ধ একভাবে বা অন্যভাবে শেষ করা সম্ভব হবে।

ট্রাম্প এর আগে একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তবে এবার সরাসরি সাতটি পুরস্কার দাবি করে আবারও আলোচনায় আসলেন তিনি।