আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি কর্মী ভিসার জন্য নতুন ১ লাখ ইউএস ডলারের আবেদন ফি চালু করার পরিকল্পনা করছেন, যা তার বিস্তৃত অভিবাসন দমন নীতির অংশ হিসেবে এ ভিসার ব্যবহার কমানোর উদ্দেশ্যে নেওয়া হচ্ছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
ওই কর্মকর্তা আরও বলেন, রিপাবলিকান এই প্রেসিডেন্ট যত দ্রুত সম্ভব শুক্রবারের মধ্যেই এমন একটি ঘোষণা সই করতে পারেন, যার মাধ্যমে এইচ-১বি ভিসা কর্মসূচির আওতায় প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হবে—ফি পরিশোধ না করলে প্রবেশের অনুমতি মিলবে না। পাশাপাশি, এইচ-১বি কর্মসূচির প্রচলিত মজুরি স্তর পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়ারও পরিকল্পনা করছেন ট্রাম্প, যাতে ভিসাটির ব্যবহার সীমিত করা যায়।
প্রযুক্তি ও স্টাফিং কোম্পানিগুলোর জন্য এইচ-১বি কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে; নানা ধরনের প্রযুক্তিগত পদে বিদেশি কর্মী নিয়োগে তারা এই ভিসার ওপর নির্ভর করে।
আমেরিকার নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস) অনুযায়ী, ২০২৫ সালে অ্যামাজন–এর ১০ হাজারেরও বেশি এইচ-১বি ভিসা অনুমোদিত হয়েছে, আর মাইক্রোসফট ও মেটা প্ল্যাটফর্মস–এর প্রত্যেকটির ৫ হাজারেরও বেশি করে অনুমোদন মেলে।
এর আগে, ব্লুমবার্গ নিউজ এইচ-১বি ভিসা আবেদন সংক্রান্ত ওই আদেশে ট্রাম্পের সইয়ের অভিপ্রায়ের খবর জানিয়েছিল।
এইচ-১বি ভিসাধারী কর্মীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল আইটি সেবা প্রতিষ্ঠান কগনিজ্যান্ট টেকনোলজি সলিউশনস কর্পোরেশনের শেয়ারের দাম শুক্রবার ৫%–এর বেশি কমে যায়।
ভিসার সমালোচকেরা—যাদের মধ্যে অনেক আমেরিকান প্রযুক্তি কর্মীও রয়েছেন—যুক্তি দেন, কোম্পানিগুলো এইচ-১বি ভিসাধারী কর্মী ব্যবহার করে মজুরি চাপিয়ে রাখে। আইটি কোম্পানিগুলো এসব চাকরি থেকে আমেরিকানদের বঞ্চিত করে, যেগুলোর জন্য তারা অন্যথায় যোগ্য হতে পারতেন।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর এইচ-১বি ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল ভারত; অনুমোদিত সুবিধাভোগীদের মধ্যে ৭১% ভারতীয়, আর অনেক পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা চীনের অংশ ১১.৭%।
এইচ-১বি ভিসা কর্মসূচি সংরক্ষিত বিশেষ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের জন্য, যাদের বড় অংশ প্রযুক্তিখাতে। এর মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেক প্রোগ্রাম ম্যানেজার এবং অন্যান্য আইটি পেশাজীবীরা থাকতে পারেন। সাধারণত এইচ-১বি ভিসা তিন থেকে ছয় বছরের জন্য অনুমোদিত হয়।




