আমেরিকার নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানিয়েছে, দেশটির নাগরিকত্ব পরীক্ষায় নতুন পরিবর্তন আসছে। সংস্থাটি ট্রাম্প প্রশাসন আমলে চালু হওয়া ২০২০ সালের সংস্করণ পুনর্বহাল করছে—ফলে পরীক্ষার কাঠামো ও পাসের শর্ত আগের তুলনায় কড়া হচ্ছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয় আমেরিকার নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা-ইউএসসিআইএস।
ঘোষণায় বলা হয়, আবেদনকারীদের এখন থেকে আমেরিকার ইতিহাস ও রাজনীতি বিষয়ে ১২৮টি প্রশ্ন পড়ে প্রস্তুতি নিতে হবে। সাক্ষাৎকারে ২০টি প্রশ্ন করা হবে, যার মধ্যে অন্তত ১২টির সঠিক উত্তর দিতে হবে পাস করতে। এর আগে ১০টির মধ্যে ৬টি প্রশ্নের সঠিক উত্তর দিলেই উত্তীর্ণ হওয়া যেত।
ইউএসসিআইএস–এর মুখপাত্র ম্যাথিউ ট্রাগেসার বলেন, “এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো অনেকগুলোর মধ্যে প্রথম।” তাঁর ভাষ্য, নাগরিকত্ব পরীক্ষার মান উন্নয়ন ও মূল্যায়নের নির্ভুলতা বাড়াতে ধাপে ধাপে আরও হালনাগাদ আসবে।
নাগরিকত্বের যোগ্যতা নির্ধারণে আগের মতোই আইনগতভাবে তিন থেকে পাঁচ বছর আমেরিকায় বসবাসের প্রমাণ দেখাতে হবে। পাশাপাশি ইংরেজি পড়া, লেখা ও বলার দক্ষতা প্রদর্শন বাধ্যতামূলক থাকবে—ইন্টারভিউ বোর্ড এ দক্ষতা যাচাই করবে।
ইউএসসিআইএস জানায়, সংশোধিত পরীক্ষাপদ্ধতি কার্যকর হলে আবেদনকারীদের পর্যাপ্ত প্রস্তুতির জন্য প্রাসঙ্গিক গাইড, নমুনা প্রশ্ন ও পাঠ–সামগ্রী হালনাগাদ করে দেওয়া হবে। সংস্থাটি আবেদনকারীদের সময়মতো অফিসিয়াল রিসোর্স থেকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।




