আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য নিউ ইয়র্ক টাইমসের (এনওয়াইটি) বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, পত্রিকাটি প্রায় এক দশক ধরে তার বিরুদ্ধে ‘মিথ্যার অভিযান’ চালাচ্ছে এবং এটি ‘র্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির ভার্চুয়াল মুখপাত্রে’ পরিণত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর, স্থানীয় সময়) সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প নিজেই জানিয়েছেন ফ্লোরিডার মিডল ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
ট্রাম্প লেখেন, ‘আজ আমি দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি।’ তিনি আরও বলেন, এটি ‘আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ও অধঃপতিত সংবাদপত্র।’
রিপাবলিকান নেতা ট্রাম্প অভিযোগ করেন যে, নিউ ইয়র্ক টাইমস তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে সেই খবরটি পত্রিকার প্রথম পাতায় বিশেষভাবে ছেপেছে। ট্রাম্পের দাবি, এটি ছিল ‘আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ নির্বাচনী অনুদান’। তিনি আরও অভিযোগ করেন যে, সংবাদপত্রটি তার পরিবার, ব্যবসা, ‘আমেরিকা ফার্স্ট’ এবং ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ আন্দোলনসহ গোটা জাতির বিরুদ্ধে অসত্য প্রচার চালিয়েছে।
এছাড়া, ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের সংবাদ প্রকাশনাকে এবিসি এবং সিবিএস-এর মতো অন্যান্য লিবারেল গণমাধ্যমের সঙ্গে একই কাতারে উল্লেখ করেন। তার দাবি, এই গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপব্যবহার এবং আক্রমণ চালিয়ে আসছে, যা ‘একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি’।




