আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিতব্য কোয়াড শীর্ষ সম্মেলনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন—এ দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস–এর এক বিশ্লেষণ, যা ভারতীয় গণমাধ্যমগুলো উদ্ধৃত করে প্রকাশ করেছে।
টাইমসের ওই বিশ্লেষণের শিরোনাম ‘দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল: হাউ দ্য ট্রাম্প-মোদি রিলেশনশিপ আনরাভেল্ড’ (নোবেল পুরস্কার ও এক তিক্ত ফোনকল: ট্রাম্প-মোদি সম্পর্কের যেভাবে অবনতি হলো); সেখানে ট্রাম্পের সূচির সঙ্গে পরিচিত সূত্রের বরাতে বলা হয়, ১৭ জুনের এক ফোনালাপে তিনি মোদিকে সফরের আশ্বাস দিলেও শরতে ভারত সফরের পরিকল্পনা বর্তমানে নেই। এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, জুনের ওই ফোনালাপ ও পরবর্তী ঘটনাপ্রবাহে দুই নেতার সম্পর্কে টানাপড়েন বাড়ে—বিশেষ করে ভারত–পাকিস্তান সংঘাত নিরসনে আমেরিকার ভূমিকার দাবি ও ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের সমর্থন চাওয়া নিয়ে বিরূপতা তৈরি হয়। একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় মাধ্যম এনওয়াইটি–কে উদ্ধৃত করে বিষয়টি তুলে ধরেছে।
এদিকে বাণিজ্য ইস্যুতেও সম্পর্কে চাপা উত্তেজনা রয়েছে। সম্প্রতি আমেরিকা ভারতের রপ্তানিপণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করায় মোট হার ৫০%–এ পৌঁছেছে বলে খবরে বলা হয়েছে; বিষয়টি দিল্লি–ওয়াশিংটন বাণিজ্য–আলোচনাকে জটিল করে তুলেছে।
পর্যবেক্ষকদের মতে, এই টানাপড়েন কোয়াড সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। আগের প্রতিবেদনে এ বছরের শরতে ট্রাম্পের দিল্লি সফরের সম্ভাবনা থাকলেও সাম্প্রতিক উত্তেজনায় তা মলিন হয়েছে বলে আঞ্চলিক বিশ্লেষণধর্মী মিডিয়াগুলোর মন্তব্য।




