আমেরিকায় আসছে সোমবার (১ সেপ্টেম্বর, শ্রমিক দিবস) দেশজুড়ে বিক্ষোভ ও সমাবেশের আহ্বান জানিয়েছে শ্রমিকদের সংগঠন এএফএল–সিআইও। আয়োজকেরা বলছেন, ‘ওয়ার্কার্স ওভার বিলিয়নেয়ার’ শিরোনামের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সব অঙ্গরাজ্যজুড়ে শত শত কর্মসূচি হবে; কয়েকটি গণমাধ্যম এ সংখ্যাকে “প্রায় এক হাজার” হিসেবে বর্ণনা করেছে। অরাজক পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শিকাগো টিচার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জ্যাকসন পোটার জানিয়েছেন, শ্রমিক দিবসে এই কর্মসূচি শ্রমিকদের অধিকার রক্ষার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি বলেন, ‘ট্রাম্পের পদক্ষেপে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, কথা বলার অধিকার হরণ হচ্ছে, আইন শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এবং অভিবাসীরা ক্রমশ নিগৃহীত হচ্ছে। এ অবস্থাকে আমরা মেনে নিতে পারি না।’
শিকাগোসহ বড় শহরগুলোতে ইতিমধ্যে মিছিল-মার্চের সময়সূচি প্রকাশ হয়েছে। শিকাগোতে শ্রমিক–নেতা, সংগঠক ও নির্বাচিত জনপ্রতিনিধিরা সোমবার সকাল ১১টায় হেমার্কেট মেমোরিয়াল থেকে মিছিল শুরু করবেন—যেখানে বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি ও কর্মজীবী মানুষের জন্য গুরুত্বপূর্ণ ফেডারেল কর্মসূচি সুরক্ষার দাবি তুলবেন।
বিক্ষোভ-পূর্ব উত্তেজনার কেন্দ্রে রয়েছে ট্রাম্প প্রশাসনের শহরগুলোতে ন্যাশনাল গার্ড ব্যবহারের পরিকল্পনা। সম্প্রতি ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেসে ফেডারেল বাহিনী মোতায়েনের পর আরও শহরে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে আইনগত বিতর্ক জোরদার হয়েছে—বিশেষ করে ‘ইনসারেকশন অ্যাক্ট’ প্রয়োগের আভাসে।
এএফএল–সিআইওর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ওয়ার্কার্স লেবার ডে—ওয়ার্কার্স ডিজার্ভ’ শীর্ষক এ সপ্তাহব্যাপী পদক্ষেপ তাদের দুই মাসের দেশব্যাপী বাস–ট্যুরের চূড়ান্ত পর্ব; লক্ষ্য—শ্রমিক সংগঠন, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা–সংক্রান্ত দাবিগুলোকে জাতীয় ইস্যুতে পরিণত করা। ফেডারেশনটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বড় করপোরেশন ও অ্যান্টি–ওয়ার্কার রাজনীতির মোকাবিলায়’ শত শত স্থানীয় ইভেন্ট সমন্বয় করা হচ্ছে এবং তথ্য–হালনাগাদ, শহরভিত্তিক ইভেন্ট–তালিকা ও যোগদানের আহ্বান রাখতে WorkersLaborDay.org হাব হিসেবে কাজ করছে।
রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন অঞ্চলে স্থানীয় জোট ও নাগরিক সংগঠনও শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে কর্মসূচি করছে। ডিসিতে লেবার ডে সপ্তাহে একাধিক মিছিল, “ফ্রিডম রান” ধরনের শারীরিক প্রতিবাদ ও আশপাশ শহরতলিতে সহায়ক সমাবেশ পরিকল্পিত—যেখানে রাজনৈতিক অঙ্গনের বেশ কিছু নেতার উপস্থিতিও প্রত্যাশিত। হোয়াইট হাউস–সংলগ্ন মহল থেকে এ বিক্ষোভকে তাচ্ছিল্য করে মন্তব্য আসলেও আয়োজকেরা বলছেন, নাগরিক স্বাধীনতা ও শ্রম–অধিকার রক্ষায় অভিন্ন ফ্রন্ট গড়ে তোলাই তাদের লক্ষ্য।
বিক্ষোভসূচির আকার নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সংখ্যা প্রচার করছে। প্রগতিশীল সংবাদমাধ্যমগুলো “৬০০–এর বেশি” ইভেন্টের কথা বললেও, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান “প্রায় এক হাজার” কর্মসূচির কথা জানিয়েছে; এএফএল–সিআইও আনুষ্ঠানিকভাবে “শত শত” স্থানীয় আয়োজনে সমন্বয়ের কথা বলেছে। ফলে সোমবারের শ্রমিক দিবসে আমেরিকাজুড়ে বিরল মাত্রার সমাবেশ ঘটতে পারে বলে ধরেই নেওয়া হচ্ছে।
এর আগে ১৪ জুন ‘নো কিংস’ শীর্ষক কর্মসূচি এবং ২ আগস্ট আরও একটি প্রতিবাদী কর্মসূচি সারা আমেরিকায় পালিত হয়েছে। এবারের কর্মসূচির রাজনৈতিক গুরুত্ব আরও বেশি, কারণ এর নেপথ্যে আমেরিকার ডেমোক্র্যাটরা রয়েছে। শ্রমিক ফেডারেশনের মাধ্যমে হোয়াইট হাউজে শক্তিশালী বার্তা পৌঁছানো এবং সামনের নির্বাচনে রিপাবলিকানদের প্রতি প্রভাব বিস্তার করাই এ কর্মসূচির লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
অভিবাসন–বিরোধী কড়াকড়ি, ‘সাংকচুয়ারি’ শহরগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান ও শহরগুলোতে ফেডারেল বাহিনী মোতায়েন—ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ ঘিরে সারা গ্রীষ্ম জুড়ে প্রতিবাদ চলেছে। শ্রমিক দিবসের কর্মসূচি সেই প্রতিবাদের ধারাবাহিকতাই আরেক ধাপ এগিয়ে দিচ্ছে বলে বিশ্লেষকদের মত।




