বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আটলান্টায় পর্দা উঠছে ৩৯তম ফোবানা উৎসবের

রাশেদ বাপ্পী
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার বাংলাদেশিদের সবচেয়ে বড় মিলনমেলা ৩৯তম ফোবানা উৎসবের পর্দা উঠছে ২৯ আগস্ট, শুক্রবার। তিন দিনব্যাপী এই আয়োজন আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টার ডুলুথে সুগারলোফ পার্কওয়ের গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে শুরু হবে। শহরজুড়ে বইছে উৎসবের আমেজ; বিভিন্ন রাজ্য ও দেশ থেকে প্রবাসীরা ইতোমধ্যে ভেন্যুতে পৌঁছেছেন। এবারের প্রতিপাদ্য—‘প্রবাসী প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও বৈশ্বিকরণে বাংলাদেশের অবস্থান।’

‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) উৎসবের আয়োজক সংগঠন বাংলাধারা জানায়, আমেরিকারসহ বিশ্বের নানা প্রান্ত থেকে সাত থেকে দশ হাজার প্রবাসী বাংলাদেশি উৎসবে অংশ নেবেন। আয়োজনের অংশ হিসেবে থাকবে প্রায় ৩০টি সেমিনার—মানবাধিকার, স্বাস্থ্য, প্রযুক্তি, শিক্ষা, ক্যারিয়ার, ব্যবসা, স্থাপত্য থেকে শুরু করে সাহিত্য–সংস্কৃতি সংরক্ষণ—বিভিন্ন বিষয়ের আলোচনায় মুখর থাকবে মঞ্চ। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে আলাদা সেশনও রাখা হয়েছে।

এবারের উৎসবে যোগ হচ্ছে স্কলারশিপের নতুন অধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোট ১৫–২০ জন মেধাবী শিক্ষার্থীকে প্রতি জনকে ১,০০০ ডলার করে বৃত্তি দেওয়া হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

উৎসবের প্লাটিনাম স্পন্সর আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার, নিউ ইয়র্কের উদ্যোক্তা দম্পতি আকাশ রহমান ও এশা রহমান সম্মেলনের সফলতা কামনা করে বলেন, ‘ফোবানা শুধু উৎসব নয়, ঐক্য, সংস্কৃতি ও শেকড়ের আলোচনার এক অনন্য মহোৎসব হয়ে উঠবে।’

ফোবানার বৈশিষ্ট্য কেবল আলোচনা নয়, সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশনাও। কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর নেতৃত্বে একটি দল এতে অংশ নেবে। প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় তারকা শিল্পীদের পরিবেশনায় মেতে উঠবে প্রবাসীরা। পাশাপাশি থাকবে বইমেলা, কাব্যজলসা, সাহিত্য আসর, ইয়ুথ ফোরাম, বিজনেস নেটওয়ার্কিং এবং নানান স্টল।

আগামী বছর (২০২৬) ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে।

১৯৮৭ সালে পথচলা শুরু করা ফোবানা প্রবাসী বাংলাদেশিদের শেকড়ের টান, ঐতিহ্য ও ঐক্যের বার্তা বহন করে আজও। তিন দিনব্যাপী এ মহোৎসব প্রমাণ করবে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা সংস্কৃতি, সংযোগ ও স্বপ্নে একসূত্রে বাঁধা।