ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’ আখ্যা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, গত মে মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল, সেটি তাঁর ফোনকলের কারণে থেমেছিল।
স্থানীয় সময় মঙ্গলবার আমেরিকার মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন সংঘাত ঠেকিয়ে কীভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়েছিলেন সেই বর্ণনা দেন। এরপর ভারত-পাকিস্তান সংঘাতের সময় নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের বর্ণনা দেন।
এ সময় আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাঁর পাশে বসে ছিলেন।
ট্রাম্প বলেন, ‘ভারত-পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি মোদিকে ফোন করি। তাঁকে জিজ্ঞেস করি, পাকিস্তানের সঙ্গে কী চলছে? আমি তাঁকে একজন ‘অত্যন্ত ভয়ংকর মানুষ’ মনে করি। ফোনকলে তাঁর রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরনো, শত শত বছরের শত্রুতার মতো।’
ট্রাম্প আরো জানান, ওই ফোনকলে তিনি মোদিকে সতর্ক করেছিলেন, ‘আমি বলেছিলাম, আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না। যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়ায়, তাহলে সেটাই আপনাদের পরিণতি হবে। আমি আরো বলেছিলাম, আগামীকাল যদি ফোন না করেন এবং সংঘাত না থামান; তাহলে শুধু বাণিজ্য চুক্তিই বাতিল করব না, এমন শুল্ক আরোপ করব যাতে আপনাদের মাথা ঘুরে যাবে।’
ট্রাম্পের দাবি, তাঁর সঙ্গে আলোচনার পাঁচ ঘণ্টার মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়েছিল। তাঁর ভাষ্য, পাঁচ ঘণ্টার মধ্যে এটি (চুক্তি) সম্পন্ন হয়েছে। এখন হয়তো আবার (যুদ্ধ) শুরু হবে—আমি জানি না, তবে হবে না বলেই মনে করি। তবে যদি (যুদ্ধ শুরু) হয়, তাহলে আমি এটি বন্ধ করব। আমরা এগুলো হতে দিতে পারি না।’
ট্রাম্পের মধ্যস্থতায় ভারত–পাকিস্তান যুদ্ধবিরতির দাবি ভারত সবসময়ই নাকচ করেছে। নয়াদিল্লির মতে, পাকিস্তানের অনুরোধে ১০ মে কোনো তৃতীয় পক্ষ ছাড়াই দ্বিপক্ষীয়, নিঃশর্ত যুদ্ধবিরতি হয়।
২২ এপ্রিল জম্মু–কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উত্তেজনা বাড়ে; ৪ মে ভারত ‘অপারেশন সিন্দূর’ চালিয়ে ৭০ জনের বেশি হত্যা করে। জবাবে ৭ মে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করে; তাদের দাবিতে ভারতে ৩১ নিহত, ২৭ আহত। টানা পাঁচ দিনের সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতি হয়—যার কৃতিত্ব ইসলামাবাদ ট্রাম্পকে দিলেও দিল্লি অস্বীকার করে। এরপর আমেরিকা–ভারত সম্পর্ক খারাপ হয়; ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যে ৫০% রপ্তানি শুল্ক আরোপ করে, যা বুধবার থেকে কার্যকর হয়েছে।




