জাতিসংঘের সদস্য দেশগুলো ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত—এমন মত দিয়েছেন আমেরিকার ৫৮% নাগরিক। রয়টার্স/ইপসোসের নতুন এক জরিপে এই চিত্র উঠে এসেছে। একই সঙ্গে গাজায় অনাহার ঠেকাতে আমেরিকার উদ্যোগ নেওয়া উচিত বলে মত দিয়েছেন উত্তরদাতাদের ৬৫%। ইসরায়েলের সামরিক অভিযানে ‘মাত্রাতিরিক্ত’ বলছেন ৫৯% আমেরিকান জনগণ।
বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ডেমোক্র্যাটদের মধ্যে স্বীকৃতির পক্ষে সমর্থন ৭৮% হলেও রিপাবলিকানদের মধ্যে তা ৪১%। ছয় দিনব্যাপী এই অনলাইন জরিপে ৪,৪৪৬ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন; সামগ্রিক ফলাফলে ত্রুটিসীমা প্রায় ২ শতাংশ পয়েন্ট।
আরও বিশদে, ৩৩% উত্তরদাতা জাতিসংঘ সদস্যদের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সঙ্গে একমত নন এবং ৯% কোনো মত দেননি। জরিপটি সোমবার শেষ হয়।
জরিপের সময়টিতে কানাডা, ব্রিটেন ও ফ্রান্স—আসন্ন মাসগুলিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অভিপ্রায় জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তার ঘাটতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা সাম্প্রতিক বিবৃতিতে সতর্ক করেছেন।
গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসেবে সংঘাতে প্রাণহানি ৬২ হাজার ছাড়িয়েছে।




