বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এনওয়াইপিডি’র নিহত কর্মকর্তা দিদারুলের পরিবারে নতুন অতিথি আরহাম

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কে ভয়াবহ গণগুলি ঘটনায় নিহত এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারে এসেছে নতুন অতিথি। নিহত কর্মকর্তার স্ত্রী জামিলা আক্তার তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে আরহাম, যার অর্থ আরবি ভাষায় “সবচেয়ে দয়ালু।”

রবিবার রাতে নিউ ইয়র্কের মাউন্ট সাইনাই হাসপাতালে শিশুটির জন্ম হয়। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “গতকাল হাসপাতালে পরিবারের সঙ্গে দেখা করেছি। তখন মা প্রসব বেদনায় ছিলেন। আজ আনন্দের সঙ্গে জানাচ্ছি, তিনি এক সুস্থ ও সুন্দর সন্তানের জন্ম দিয়েছেন।”

মেয়র অ্যাডামস বলেন, “আমরা চাই শিশুরা জানুক, ঈশ্বর রহস্যময়ভাবে কাজ করেন। দিদার ও তার পরিবার কেবল এনওয়াইপিডির নয়, সমগ্র নিউ ইয়র্ক সিটির পরিবার।” তিনি প্রতিশ্রুতি দেন, শহর প্রশাসন এই পরিবারকে সবসময় পাশে রাখবে।

এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ আবেগঘন এক্স পোস্টে লেখেন, “দুঃখ আর শোকের মাঝেও নতুন জীবন পৃথিবীতে এসেছে। আহিয়ান, আজান এবং আরহাম—তারা একসঙ্গে তাদের বাবার সাহস, দায়িত্ববোধ ও সেবার উত্তরাধিকার বহন করবে। দিদারুলের পরিবার সবসময় এনওয়াইপিডির অংশ হয়ে থাকবে।” কমিশনার টিশ শিশুটির ছবি এবং তার দুই বড় ভাই আহিয়ান (৭) ও আজানকে (৫) নিয়ে শেয়ার করা আনন্দঘন মুহূর্ত তুলে ধরেন।

৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম গত ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে এনএফএল সদর দপ্তরের ভবনে অনুমোদিত নিরাপত্তা দায়িত্ব পালন করছিলেন। এসময় ২৭ বছর বয়সী বন্দুকধারী শেইন তামুরা এআর-১৫ রাইফেল নিয়ে ভবনের লবিতে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। নিহত হন দিদারুল ইসলামসহ চারজন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে।

দিদারুল ইসলামকে মৃত্যুর পর এনওয়াইপিডি ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড’ পদে উন্নীত করে। তার সহকর্মীরা তাকে স্মরণ করেছেন এক নিবেদিতপ্রাণ, হৃদয়বান ও সাহসী কর্মকর্তা হিসেবে। ছোটবেলা থেকেই দুই ছেলে বাবার পুলিশি পেশা নিয়ে গর্ব করত। বড় ছেলে আহিয়ান প্রিস্কুলে প্রায়ই এনওয়াইপিডির পোশাক পরে যেত এবং শিক্ষকদের বলত, “আমি আমার বাবার মতো পুলিশ।”

দিদারুল ইসলামের পরিবারে নতুন অতিথির আগমন এক নতুন আশার আলো নিয়ে এসেছে। শহরের শোকাহত মানুষজনও এ জন্মকে এক ধরনের প্রতীকী পুনর্জন্ম হিসেবে দেখছেন। যেমনটি কমিশনার জেসিকা টিশ লিখেছেন, “দিদারের সাহস ও ত্যাগ তার সন্তানদের মাধ্যমে বেঁচে থাকবে। আরহাম আমাদের মনে করিয়ে দেয়, শোকের মাঝেও জীবন থেমে থাকে না।”