বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

খনিজ ও হাইড্রোকার্বন খাতে পাকিস্তানকে সহযোগিতা করবে আমেরিকা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের স্বাধীনতা দিবসে দেশটির সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ ও হাইড্রোকার্বন খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে আমেরিকা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটন অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ এবং গতিশীল ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তুলতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

গত মাসে ওয়াশিংটন ও ইসলামাবাদ একটি বাণিজ্য চুক্তি ঘোষণা করে, যার ফলে শুল্ক হ্রাস ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল জানান, স্থানীয় কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে বিশেষ করে বেলুচিস্তান প্রদেশে খনি প্রকল্পে আমেরিকাকে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি লিজ অনুদানের মতো সুবিধাও দেওয়া হবে।

খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের রেকো ডিক অঞ্চল বিশ্বে অন্যতম বৃহৎ সোনা ও তামার খনির জন্য পরিচিত।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রুবিও পাকিস্তানের সন্ত্রাসবাদ দমন কার্যক্রম ও বাণিজ্যে সম্পৃক্ততার প্রশংসা করে বলেন, “আমরা গুরুত্বপূর্ণ খনিজ, হাইড্রোকার্বন এবং অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম দিকে আফগানিস্তান ইস্যু এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক শীতল ছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘাতের পর ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ার ঘটনাও এ সম্পর্ক পুনঃউষ্ণতায় ভূমিকা রেখেছে।

এদিকে, মঙ্গলবার ইসলামাবাদে সন্ত্রাসবিরোধী সর্বশেষ দফা আলোচনায় অংশ নেয় দুই দেশের প্রতিনিধি দল। আমেরিকা এরই মধ্যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।