ইন্টেলের নতুন প্রধান নির্বাহী লিপ-বু টান–এর তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে টানের আর্থিক ও পেশাগত সম্পর্ক আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিযোগ করেছেন ট্রাম্প।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন—“ইন্টেলের সিইও চরমভাবে স্বার্থসংঘাতপূর্ণ। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এ সমস্যার আর কোনো সমাধান নেই।”
আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের এমন মন্তব্য এসেছে রিপাবলিকান সিনেটর টম কটনসহ একাধিক আইনপ্রণেতার প্রকাশ্য উদ্বেগের পটভূমিতে। এ সপ্তাহেই কটন ইন্টেলের বোর্ড চেয়ারম্যান ফ্রাঙ্ক ইয়্যারিকে চিঠি দিয়ে টানের চীনা বিনিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, টান তাঁর ব্যক্তিগত ও ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মাধ্যমে শতাধিক চীনা কোম্পানিতে বিনিয়োগ করেছেন, যাদের মধ্যে কয়েকটি চীনা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।
সিনেটর কটন একইসঙ্গে লিপ-বু টানের সাবেক প্রতিষ্ঠান ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস-এর বিরুদ্ধে একটি অপরাধমূলক মামলার দিকেও ইঙ্গিত দেন। চিঠিতে তিনি লেখেন, “ইন্টেলকে আমেরিকার করদাতাদের অর্থের যথাযথ ব্যবহারে দায়িত্বশীল থাকতে হবে এবং নিরাপত্তা বিধিমালা মেনে চলতে হবে। কিন্তু মি. টানের আর্থিক ও পেশাগত সম্পর্ক এ দায় পালনে প্রশ্ন তোলে।”
লিপ-বু টান ২০২৫ সালের মার্চে ইন্টেলের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মালয়েশিয়া জন্মগ্রহণকারী টান বড় হয়েছেন সিঙ্গাপুরে। ন্যানইয়াং বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা পড়ার পর আমেরিকার এমআইটি থেকে পারমাণবিক প্রকৌশলে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতে দুই দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছেন।
তবে চীনের সঙ্গে তাঁর সংযোগ এখন আমেরিকার রাজনীতিতে বিতর্কের কেন্দ্রে। ট্রাম্প ও রিপাবলিকান নেতারা বলছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। এখন দেখার বিষয়, ইন্টেল ও টান এই চাপের কীভাবে জবাব দেন।




