বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে মামদানিকে ঠেকাতে সক্রিয় ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে সরাসরি হস্তক্ষেপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ডেমোক্রেটিক প্রাইমারিতে সমাজতন্ত্রী প্রার্থী মমদানির কাছে পরাজিত হওয়ার পর ট্রাম্প সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর সঙ্গে কথা বলেছেন। এছাড়া, তিনি রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললারের সঙ্গেও আলোচনায় বসেন, মামদানিকে হারাতে সক্ষম এমন সম্ভাব্য প্রার্থীর খোঁজে।

পরাজয়ের কিছু সপ্তাহ পর কুমো আবারও একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে ফিরে আসেন, যার ফলে মেয়র পদের দৌড় অনেকটাই জটিল হয়ে উঠেছে। বর্তমান মেয়র এরিক অ্যাডামস ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াও স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশ্লেষকদের মতে, একাধিক বিরোধী প্রার্থী নির্বাচনে থাকলে ভোট বিভক্ত হবে এবং এর সুযোগে মামদানি জয়ী হতে পারেন। এ অবস্থায় ট্রাম্প ঘনিষ্ঠ মহলে আলোচনা হয়েছে মামদানির বিরুদ্ধে একটি অভিন্ন বিরোধী মঞ্চ গঠনের বিষয়েও।

হোয়াইট হাউজে জুলাইয়ের মাঝামাঝি এক বৈঠকে ট্রাম্প কংগ্রেসম্যান ললারের কাছে জানতে চান, মামদানির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী একক প্রতিদ্বন্দ্বী কে হতে পারেন। ট্রাম্প কুমো ও অ্যাডামস দুজনের সঙ্গেই আগে থেকে ভালো সম্পর্ক বজায় রেখে চলেছেন বলেও জানা গেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠরা যেমন পোলস্টার মার্ক পেন ও নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সাবেক সভাপতি অ্যান্ড্রু স্টেইনও মনে করছেন, কুমোই হতে পারেন সবচেয়ে উপযুক্ত প্রার্থী।

মামদানির পক্ষ থেকে প্রতিক্রিয়ায় বলা হয়েছে, “অ্যান্ড্রু কুমো সবসময় ক্ষমতাধরদের স্বার্থ রক্ষা করেছেন। এ ধরনের গোপন রাজনৈতিক আঁতাত শুধু লজ্জাজনক নয়, বরং একজন প্রার্থী হিসেবে তার অযোগ্যতার প্রমাণ।”

তিনি আরও বলেন, “নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়ার কাজ কোনো রাজা হওয়ার খেলায় অংশ নেওয়া নয়—এটি শহরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব।”

মামদানির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে—ভাড়ায় স্থগিতাদেশ, সিটি পরিচালিত সুপারমার্কেট এবং গণপরিবহনে ফ্রি বাস চালু করা। তার নির্বাচনী প্রচারণা মূলত সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক, যা উচ্চমূল্যস্ফীতিতে বিরক্ত নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ট্রাম্প এর আগেও মামদানিকে প্রকাশ্যে সমালোচনা করেছেন। গত মাসে তিনি বলেন, “এই কমিউনিস্ট উন্মাদকে নিউ ইয়র্ক ধ্বংস করতে দেব না। আমার হাতেই রয়েছে সব লিভার, সব কার্ড।” তিনি আরও যোগ করেন, “আমি নিউ ইয়র্ককে আবারও ‘হট’ ও ‘গ্রেট’ করে তুলব, যেমনটা আমি আমেরিকার জন্য করেছিলাম।”

কুমোর মুখপাত্র রিচ আজোপার্দি বলেন, “ট্রাম্প ও কুমো বেশ কিছুদিন হলো কথা বলেননি।” তবে সেই ‘বেশ কিছুদিন’ কতদিন, তা তিনি স্পষ্ট করেননি।

হোয়াইট হাউজে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।