আমেরিকার ভিসা পেতে এবার গুনতে হতে পারে ১৫ হাজার ডলার জামানত। নতুন ‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’-এর আওতায় নির্দিষ্ট দেশের ব্যবসায়ী ও পর্যটকদের ভিসার মেয়াদ লঙ্ঘন রোধে এই জামানত আদায় করা হবে বলে জানিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর। আগামী ২০ আগস্ট থেকে প্রোগ্রামটি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে, যা প্রাথমিকভাবে ১২ মাস চলবে।
আমেরিকার পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, এতে $৫,০০০, $১০,০০০ ও $১৫,০০০—তিন ধরনের জামানতের বিধান রাখা হয়েছে। মূলত যেসব দেশের নাগরিকদের মধ্যে আমেরিকায় এসে মেয়াদ শেষে ফেরত না যাওয়ার হার বেশি, তাদের লক্ষ্য করেই এই উদ্যোগ। যেমন: মলাউই, জাম্বিয়া ও এমন কয়েকটি দেশ।
পররাষ্ট্র দপ্তর বলছে, যারা সময়মতো নিজ দেশে ফিরে যাবেন, তাদের জামানত ফেরত দেওয়া হবে। তবে যারা ভিসার শর্ত ভঙ্গ করবেন, তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।
পররাষ্ট্র দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ মাস মেয়াদি এই পাইলট প্রগ্রামের লক্ষ্য এমন দেশগুলোর নাগরিকদের নিয়ন্ত্রণ করা, যেখান থেকে আসা ভিসাধারীদের মধ্যে আমেরিকায় নির্ধারিত সময়ের বেশি থাকার (ওভারস্টে) হার বেশি, অথবা যেসব দেশের নিরাপত্তা যাচাই ও স্ক্রিনিং ব্যবস্থা দুর্বল বলে বিবেচিত হয়।
প্রতিবেদন অনুসারে, এই কর্মসূচি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন রোধের এজেন্ডাকে সামনে রেখে নেওয়া আরো একটি পদক্ষেপ।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ট্রাম্প এই উদ্দেশ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তবে বিজ্ঞপ্তিতে কোন কোন দেশ এই কর্মসূচির আওতায় আসবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যেসব বিদেশি পর্যটন বা ব্যবসা (বি১/বি২) ভিসার আবেদন করছেন এবং যারা ওভারস্টে প্রবণ দেশগুলোর নাগরিক, বা যেসব দেশে স্ক্রিনিং ও ভেটিং ব্যবস্থা দুর্বল, কিংবা বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিয়ে থাকে—সেসব আবেদনকারীর ভিসা পেতে হলে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের জামানত দিতে হতে পারে। যিনি ভিসা প্রদান করবেন, সেই কনস্যুলার কর্মকর্তা এই জামানতের প্রয়োজনীয়তা নির্ধারণ করবেন।




