নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি হেভিওয়েট সব প্রতিপক্ষকে পেছনে ফেলে শক্ত অবস্থান তৈরি করেছেন। সাম্প্রতিক একটি জরিপেও এর বিশ্বাসযোগ্যতা মিলেছে। দেখা গেছে, মামদানির প্রতি ভোটারদের সমর্থন আগের কয়েকটি জরিপের তুলনায় বেড়েছে।
সাম্প্রতিক এক জরিপের তথ্যমতে, এককভাবে ৫০ শতাংশ ভোটারের সমর্থন পাচ্ছেন এই ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী, যা নিয়ন্ত্রক শ্রেণির মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
জেনিথ রিসার্চ ও পাবলিক প্রোগ্রেস সলিউশনস পরিচালিত এই জরিপে অংশ নেন ১,৪৫৩ জন ভোটার। জরিপটি চালানো হয় ১৬ থেকে ২৪ জুলাই পর্যন্ত, নিউ ইয়র্ক সিটির পাঁচটি কাউন্টি—ব্রঙ্কস, ব্রুকলিন (কিংস), কুইন্স, ম্যানহাটন (নিউ ইয়র্ক) ও স্ট্যাটেন আইল্যান্ড (রিচমন্ড)—জুড়ে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মামদানির পর দ্বিতীয় অবস্থানে আছেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর এন্ড্রু কুওমো (২২%), এরপর রয়েছেন রিপাবলিকান প্রার্থী কুরটিস স্লাইভা (১৩%), বর্তমান মেয়র এরিক অ্যাডামস (৭%) এবং স্বতন্ত্র প্রার্থী জিম ওয়ালডেন (১%)। ৬ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন।
জরিপে অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল—তারা কাকে ভোট দিতে চান না। এতে চমকপ্রদভাবে দেখা যায়, ৬০% ভোটার কুওমোকে চান না, ৬৮% অ্যাডামসকে প্রত্যাখ্যান করেন, ৫৯% স্লাইভাকে নাকচ করেছেন, ৪০% ওয়ালডেনকে পছন্দ করেন না, তবে মামদানিকে ভোট না দিতে চান—এমন ভোটারের হার মাত্র ৩২%।
নগরবাসীর মধ্যে অসন্তোষ চরমে—প্রায় ৭০% উত্তরদাতা মনে করেন, শহর যেভাবে চলছে তাতে তারা ‘ত্যক্তবিরক্ত’। তাঁদের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো আবাসন ব্যয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, ইউটিলিটি বিল, অপরাধ এবং জননিরাপত্তা।
“কর্মজীবীদের জন্য নিউ ইয়র্ক”—এই স্লোগানে অভিযাত্রা শুরু করে জোহরান মামদানি ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে জয়ী হন। তারপর থেকেই নিউ ইয়র্কের ধনকুবেরদের কাছে তিনি যেন এক আতঙ্কের নাম। রাজনৈতিক দানশীলতাকে হাতিয়ার করে মামদানিকে থামাতে একাধিক প্রভাবশালী ব্যবসায়ী শত মিলিয়ন ডলারের নির্বাচন ব্যয় করার ঘোষণা দিয়েছেন। কুওমো ও অ্যাডামস—এই দুই প্রার্থীর পেছনে অর্থ ঢালার প্রস্তুতি চলছে পুরোদমে।
তবে সবশেষ জরিপগুলো বলছে, শহরের সাধারণ মানুষ আস্থা রাখছেন মামদানির ওপরই। ২৩ জুনের প্রাইমারির পর পরিচালিত প্রতিটি জনমত জরিপেই তার জনপ্রিয়তা উর্ধ্বমুখী।
নভেম্বরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নিউ ইয়র্ক সিটিতে এখন মূল লড়াই—নগরের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ থাকবে জনতার প্রতিনিধি মামদানির হাতে, নাকি পুরনো অভিজাত শ্রেণির নিয়ন্ত্রণে?




