বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকায় ফের বন্দুক হামলা, মন্টানায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের পর আমেরিকায় ফের বন্দুক হামলার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মন্টানা অঙ্গরাজ্যের অ্যানাকোন্ডা শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন ৪ জন। গত এক সপ্তাহে দুটি পৃথক হামলায় প্রাণ হারালেন আটজন।

স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মন্টানা রাজ্যের অ্যানাকোন্ডার দ্য আউল বারে এই গুলির ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

“দ্য আউল বার” নামের ঐ স্থানে এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান একজন বারটেন্ডার ও তিনজন গ্রাহক।

পুলিশ সন্দেহ করছে, হামলাটি চালিয়েছেন মাইকেল পল ব্রাউন নামে সাবেক এক সেনা সদস্য, যিনি বর্তমানে পলাতক। তিনি সশস্ত্র অবস্থায় রয়েছেন এবং তাকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে এলাকায় মোতায়েন রয়েছে সোয়াট, এফবিআই ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ব্রাউন টাই-ডাই শার্ট ও কমলা ব্যান্ডানা পরে ছিলেন এবং খালি পায়ে পালিয়ে যান। তার ব্যবহৃত গাড়িটি পরে উদ্ধার করা হয়, তবে তার অবস্থান এখনো নিশ্চিত হয়নি।

এর আগে, গত ৩০ জুলাই, নিউ ইয়র্ক সিটির অভিজাত পার্ক অ্যাভিনিউ এলাকার একটি অফিস ভবনে ঢুকে নির্বিচারে গুলি চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই নিহত হন চারজন, যাদের মধ্যে একজন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম। নিহতদের মধ্যে আরও ছিলেন নিরাপত্তাকর্মী আলান্ড এটিয়েন, ব্ল্যাকস্টোন কোম্পানির নির্বাহী ও একটি ম্যানেজমেন্ট অফিসের একজন কর্মী।
হামলাকারী শেন ডেভন টামুরা (২৭) পরে নিজেই আত্মহত্যা করেন।

এই দুটি ঘটনায় আমেরিকাজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও মানসিক স্বাস্থ্য সমস্যা—এই দুই মিলেই সহিংসতা বাড়ছে।
বিশেষ করে মন্টানার ঘটনায় সন্দেহভাজন ব্রাউন অতীতে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার-এ ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিচিতজনরা।

স্থানীয় প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলো দুটি হামলারই পেছনে সম্ভাব্য উদ্দেশ্য, মানসিক স্বাস্থ্য ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়গুলো খতিয়ে দেখছে। আমেরিকায় বন্দুক সহিংসতা এখন এক দৈনিক বাস্তবতায় পরিণত হয়েছে, যা নীতিনির্ধারকদের কাছে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।