নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে শেষ শ্রদ্ধা জানিয়েছে সহকর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।
শুক্রবার স্থানীয় সময় সকালে ব্রুকলিনের একটি পুলিশ ভবনে দিদারুলের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে নিউ ইয়র্ক পুলিশ কমিশনার, মেয়র এরিক অ্যাডামস, নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশি কনসাল জেনারেলসহ শতাধিক কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
নিউ ইয়র্কের ব্রঙ্কসে জানাজায় অংশ নেন সহকর্মী, স্বজন ও কমিউনিটির সর্বস্তরের মুসলিম সদস্যরা। মরদেহে শেষ স্যালুট জানান এনওয়াইপিডিতে কর্মরত দিদারুলের দীর্ঘদিনের সহকর্মী সহযোদ্ধারারা। বক্তৃতায় তাঁর সাহসিকতা, মানবিকতা ও কর্তব্যপরায়ণতার কথা তুলে ধরা হয়। পরিবার ও কমিউনিটির মানুষ শোক প্রকাশ করেন এবং দিদারুলের বীরত্বকে সম্মান জানান।
সকাল থেকেই পার্কচেস্টার জামে মসজিদে দেখা যায় জনতার ঢল। দিদারুলের মরদেহ একনজর দেখতে ছুটে আসেন কমিউনিটির মানুষ, বন্ধু, স্বজন, সহকর্মীসহ অনেকে। মসজিদের প্রতিটি করিডোর, সিঁড়ি, এমনকি বাইরেও দাঁড়িয়ে ছিলেন শত শত মানুষ। চোখে ছিল শোক, মনে ছিল ভালোবাসা।
জানাজার আগে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ। একের পর এক বক্তব্যে উঠে আসে দিদারুল ইসলামের বীরত্ব, মানবিকতা আর দায়িত্ববোধের গল্প। সহকর্মীরা কণ্ঠ রুদ্ধ করে স্মরণ করেন সেই মানুষটিকে, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত ইউনিফর্মে ছিলেন। ছিলেন অবিচল দায়িত্বে-নিষ্ঠায়।
দুপুর ১টায় অনুষ্ঠিত হয় তাঁর জানাজার নামাজ। অংশ নেন সহকর্মী, স্বজন, বাঙলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসলিম সম্প্রদায়ের মানুষ।
ইমামের কণ্ঠে দোয়া, মানুষের ভীড়ে অশ্রুসিক্ত পরিবেশ। জানাজার শেষে শবযাত্রা বের হয় মসজিদ প্রাঙ্গণ থেকে। তখন পুরো এলাকা যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। একজন বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তাকে বিদায় জানায় নিউ ইয়র্ক শহর একজন নায়ককে, যিনি নিজের জীবন দিয়ে অন্যদের জীবন বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন।
হোয়াইট প্লেইনস রোডের দুই ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়ান এনওয়াইপিডির সহকর্মীরা। পুলিশের ইউনিফর্মে দাঁড়িয়ে তাঁরা জানিয়ে দেন, একজন বীর সহকর্মীকে তাঁরা ভুলবেন না কোনোদিন। ভুলবেন। না তার বীরত্বগাথা। দিদারুলের সাহস শক্তি যোগাবে পুরো এনওয়াইপিডির সদস্যদের।
গত সপ্তাহে নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি অস্ত্র উদ্ধারের অভিযানে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন দিদারুল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে।
পুলিশ কমিশনার বলেন, “দিদারুল শুধু একজন সাহসী অফিসার ছিলেন না, তিনি ছিলেন কমিউনিটির জন্য নিবেদিতপ্রাণ একজন সেবক।” মেয়র এরিক অ্যাডামস বলেন, “এই শহর তার সাহসিকতা ও আত্মত্যাগ চিরদিন মনে রাখবে।”
বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকেও নানা সংগঠন ও ব্যক্তি শ্রদ্ধা জানান। তার আত্মার শান্তি কামনা করে আয়োজন করা হয় বিশেষ দোয়ার।
পরিবার সূত্রে জানা গেছে, দিদারুল ইসলাম ২০১৭ সালে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন। তিনি স্ত্রী ও এক শিশুপুত্র রেখে গেছেন।




