বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকা-পাকিস্তান জ্বালানি চুক্তি, ভারতের জন্য কঠিন বার্তা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় আমেরিকার কৌশলগত বাণিজ্য সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। ভারতের সঙ্গে শুল্ক ও ভূরাজনৈতিক টানাপোড়েনের মাঝেই পাকিস্তান আমেরিকার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি সম্পন্ন করেছে, যা অঞ্চলটিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

পাকিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তেলসম্পদ উন্নয়ন ও বাণিজ্য সহযোগিতা চুক্তি সম্পাদন করেছে আমেরিকা। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ট্রাম্প লেখেন, “আমরা এখনই পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি, যার আওতায় উভয় দেশ পাকিস্তানের বিশাল তেলসম্পদ একত্রে উন্নয়নের কাজ করবে।”
তিনি আরও বলেন, “এই অংশীদারিত্বের জন্য কোন তেল কোম্পানি নেতৃত্ব দেবে, তা নির্ধারণ প্রক্রিয়াধীন। কে জানে, ভবিষ্যতে হয়তো তারা ভারতকেও তেল রপ্তানি করবে!”

বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে আমেরিকা পাকিস্তানের সঙ্গে পুনরায় ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে, যা দীর্ঘদিনের নড়বড়ে অবস্থার পর একটি উল্লেখযোগ্য পরিবর্তন।

এই চুক্তির পর পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এ সমঝোতা অনুযায়ী আমেরিকার কিছু আমদানি পণ্যে শুল্ক হ্রাস ও বিনিয়োগ সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ‘বন্ধুত্বপূর্ণ’ উল্লেখ করে ভারতের উচ্চ শুল্কনীতি ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ১ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ভারত আমাদের বন্ধু, তবে বছরের পর বছর ধরে আমরা তাদের সঙ্গে খুব কম ব্যবসা করেছি—কারণ, তাদের শুল্ক অনেক বেশি।”

ট্রাম্প আরও বলেন, “আমার রাশিয়া নিয়ে কিছু যায় আসে না। ভারত চাইলে রাশিয়ার সঙ্গে একসাথে ডুবে যেতে পারে। তাদের অর্থনীতিগুলো মৃতপ্রায়।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্প মূলত ভারতের রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনা এবং উচ্চ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এই কড়া বার্তা দিয়েছেন।

এদিকে ট্রাম্পের এই ঘোষণায় ভারতের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চলছে।

ট্রাম্প নিজেও বলেন, “আমরা এখন ভারতের সঙ্গে কথা বলছি—এই সপ্তাহের শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

বিশেষজ্ঞদের ধারণা, যদি এই শুল্ক আরোপ কার্যকর হয়, তবে দুই দেশের মধ্যকার প্রায় ১৯০ বিলিয়ন ডলারের বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই পরিস্থিতিতে ভারত আমেরিকার সঙ্গে বাণিজ্য উত্তেজনা হ্রাসে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, তবে ট্রাম্পের অবস্থান স্পষ্ট—ভারত যদি রাশিয়ার সঙ্গে সম্পর্ক না কমায় এবং শুল্ক না হ্রাস করে, তবে তার প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।