আমেরিকার নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি অফিস ভবনে সোমবার সকালে এক ভয়াবহ বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী শেন তামুরা (৪৩) নিজেই আত্মহত্যা করেন।
উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, নিউ ইয়র্কের পার্ক অ্যাভিনিউতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এক বন্দুকধারী এম-৪ রাইফেল নিয়ে ৪৪ তলা ভবনে প্রবেশ করেন। লবিতে ঢুকে প্রথমেই বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে গুলি করেন। এরপর এক নারী, নিরাপত্তারক্ষী ও আরও একজনকে গুলি করেন তিনি। পরে লিফটে করে ৩৩ তলায় গিয়ে আরেক নারীকে গুলি করে নিজেই আত্মহত্যা করেন। হামলার পুরোটা সময় তিনি গুলি ছুড়তে ছুড়তে ভবনের ভেতরে চলাফেরা করছিলেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিহত কর্মকর্তা দিদারুল ইসলাম নিউ ইয়র্ক সিটির পুলিশের একজন প্রশিক্ষিত ডিটেকটিভ ছিলেন। তিনি ছুটির দিনে পার্টটাইম নিরাপত্তাকর্মী হিসেবে ভবনটিতে দায়িত্ব পালন করছিলেন। হামলার সময় তিনি সহকর্মীদের রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হন।
নিউ ইয়র্ক পুলিশ কমিশনার দিদারুল সম্পর্কে বলেছেন, ‘আমরা তাকে যে কাজ করতে বলেছিলাম তিনি সেই কাজই করছিলেন। তিনি নিজেকে ঝুঁকির পথে রাখেন। তিনি নিজেকে উৎসর্গ করেছেন। তাকে ঠান্ডা মাথায় গুলি করা হয়েছে। তিনি হিরো হিসেবে বেঁচে ছিলেন, মারাও গেছেন হিরো হিসেবে।
নিউ ইয়র্ক পুলিশের অপর সূত্র জানায়, দিদারুল ইসলাম ছিলেন দুই সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে গর্ভবতী। সহকর্মীরা তাকে অত্যন্ত দায়িত্ববান এবং সবার প্রিয় একজন কর্মকর্তা হিসেবে বর্ণনা করেছেন। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাটি ছিল পরিকল্পিত এবং দ্রুতগতিতে সংঘটিত। হামলাকারী শেন তামুরা ভবনের একটি অফিসে দীর্ঘদিন ধরে চাকরিরত ছিলেন, তবে সম্প্রতি চাকরি হারান। ধারণা করা হচ্ছে, এটি একটি প্রতিশোধমূলক হামলা।
আল জাজিরা জানায়, নিহতদের মধ্যে তিনজন ভবনের কর্মচারী এবং একজন গ্রাহক ছিলেন। হামলার সময় অফিস ভবনটিতে প্রায় ৫০ জনের মতো লোক উপস্থিত ছিলেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ঘটনাস্থল ঘিরে ফেলে।
নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস এ ঘটনাকে ‘ঘৃন্য’ এবং ‘জঘন্য কাজ’ হিসেবে অভিহিত করে এক বিবৃতিতে বলেন, “এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থার প্রতি বড় চ্যালেঞ্জ।” তিনি নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শহর প্রশাসন পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেবে।
এই মর্মান্তিক হামলায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক মাধ্যমে দিদারুল ইসলামের সাহসিকতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।




