আগামী ১ আগস্ট থেকে বর্ধিত শুল্ক কার্যকর করা হবে এবং এই সিদ্ধান্তে আর কোনো ছাড় বা সময়সীমা বর্ধিত হবে না বলে জানিয়েছেন আমেরিকার বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।
রবিবার (২৭ জুলাই) ‘ফক্স নিউজ সানডে’তে দেওয়া এক সাক্ষাৎকারে হাওয়ার্ড লাটনিক বলেন, “আর কোনো বর্ধিত সময় নয়, কোনো ছাড় নয়। ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। কাস্টমস অর্থ সংগ্রহ শুরু করবে এবং আমরা এগিয়ে যাবো।”
তিনি আরও জানান, এই কঠোর অবস্থান নেওয়া হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক। “আমরা আলোচনার মঞ্চ প্রস্তুত রেখেছি, সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প,” বলেন লাটনিক।
এই পর্যন্ত আমেরিকার সঙ্গে পাঁচটি দেশ চুক্তিতে পৌঁছেছে, যার ফলে তাদের উপর আরোপিত শুল্ক হার কিছুটা হ্রাস পেয়েছে। দেশগুলো হলো: যুক্তরাজ্য, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও জাপান।
এই দেশগুলোর ক্ষেত্রে শুল্ক হার সাধারণত এপ্রিল থেকে কার্যকর ১০ শতাংশ হারের চেয়েও বেশি, তবে তা এখনো ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত সর্বোচ্চ শুল্ক হার থেকে অনেক কম।
বিশ্লেষকদের মতে, যারা চুক্তিতে পৌঁছায়নি, তাদের পণ্যের ওপর শুল্কের হার আরও বেশি হতে পারে, যা রপ্তানিনির্ভর দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠছে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি প্রসঙ্গে লাটনিক বলেন, “তারা চায় একটা চুক্তি হোক, তবে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।”
বিশ্লেষকরা বলছেন, আমেরিকার এই শুল্কনীতি মূলত দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার কৌশলের অংশ হলেও এটি বৈশ্বিক বাণিজ্যে চাপ ও অনিশ্চয়তা সৃষ্টি করছে।
বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য এই সিদ্ধান্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকার এসব দেশের একটি বড় রপ্তানি বাজার। চুক্তিতে না পৌঁছালে বাংলাদেশের মতো দেশগুলোর পোশাক, চামড়া ও প্রযুক্তি পণ্যে বাড়তি শুল্ক চাপতে পারে।




