প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছে আমেরিকার ফেডারেল আপিল আদালত। বুধবার (২৪ জুলাই) ৯ম সার্কিট কোর্ট অব আপিলসের এক রায়ে এই সিদ্ধান্ত জানানো হয়।
ট্রাম্প দ্বিতীয় দফা প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। সেখানে বলা হয়—যদি কোনো শিশুর বাবা-মা’র একজন অবৈধ অভিবাসী হন এবং অপরজন নাগরিক বা গ্রিন কার্ডধারী না হন, কিংবা উভয়েই অস্থায়ী ভিসায় আমেরিকায় থাকেন, তবে সেই শিশুর স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়া উচিত নয়।
এই আদেশ অনুযায়ী, ৩০ দিনের মধ্যে এই ক্যাটাগরিতে পড়া ব্যক্তিদের জন্য নাগরিকত্ব সংক্রান্ত দলিল দেওয়া বন্ধ করতে ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়।
৯ম সার্কিট কোর্টের বিচারপতিরা লিখেছেন, ট্রাম্পের এই নির্বাহী আদেশ “অবৈধ, কারণ এটি সংবিধানের চতুর্দশ সংশোধনীর স্পষ্ট ভাষার সঙ্গে সাংঘর্ষিক।”
এই সংশোধনী অনুযায়ী, “যারা আমেরিকায় জন্মেছে এবং এখানকার আইনি অধিকারাধীন, তারা সবাই দেশটির নাগরিক।” আদালত বলেছে, “সংবিধানের ভাষ্য অনুযায়ী, যেসব ব্যক্তি আমেরিকার আইন ও কর্তৃত্বের আওতাভুক্ত, তারা ‘আইনগত কর্তৃত্বাধীন’।”
তাদের মতে, ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা ছিল অতিরঞ্জিত ও ১৮৬৮ সালের সাংবিধানিক ব্যাখ্যার সঙ্গে সঙ্গতিহীন। আদালত মন্তব্য করেছে, “সম্ভবত নির্বাহী শাখা বুঝতে পেরেছিল যে সংবিধান পরিবর্তন করা যাবে না, তাই তারা এর একটি নতুন ও বিকৃত ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছে।”
ট্রাম্পের আদেশের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক শাসিত কয়েকটি রাজ্য মামলা করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের একটি নিম্ন আদালত আদেশটির কার্যকারিতা স্থগিত করে। মার্চে ট্রাম্প প্রশাসন সেই রায়ের বিরুদ্ধে আপিল করে।
বুধবার আপিল আদালত জানায়, সংশ্লিষ্ট রাজ্যগুলো এই মামলায় অংশ নেওয়ার আইনগত অধিকার রাখে, কারণ আদেশটি তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আদালত আরও জানায়, রাজ্যগুলো আদেশটি অসাংবিধানিক প্রমাণে সফল হতে পারে।
এই রায়টি লিখেছেন প্রেসিডেন্ট ক্লিনটনের মনোনীত বিচারপতি রোনাল্ড গোল্ড। এতে সমর্থন দিয়েছেন ওবামা মনোনীত বিচারপতি মাইকেল ডালি হকিন্স। তবে ট্রাম্পের মনোনীত বিচারপতি প্যাট্রিক বুমাটাই আংশিক ভিন্নমত পোষণ করে বলেন, “এই মুহূর্তে নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্নের মেরিটে মন্তব্য করা বা দেশব্যাপী আদেশ নিয়ে সিদ্ধান্ত দেওয়া সময়ের আগে হয়ে যাচ্ছে।”
আমেরিকার সুপ্রিম কোর্ট এখনো জন্মসূত্রে নাগরিকত্বের মেরিট বিষয়ে কোনো মত দেয়নি। যদিও গত মাসে তারা একটি রায়ে দেশব্যাপী নির্বাহী আদেশ অবরোধের ক্ষমতা সংক্রান্ত বিষয়ে মত দিয়েছে।
সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে জানিয়েছে, ট্রাম্পের আদেশের বিরুদ্ধে জারি করা ইনজাঙ্কশন (অবরোধ) “যতটুকু প্রয়োজন, শুধু সেই পরিমাণ পর্যন্ত” সীমিত থাকতে হবে। এরপর নিউ হ্যাম্পশায়ারের একটি আদালত ক্লাস অ্যাকশন মামলা অনুযায়ী পুরো দেশের জন্য আদেশটি স্থগিত রাখে।
ট্রাম্প প্রশাসন বলছে, চতুর্দশ সংশোধনী অবৈধ বা অস্থায়ী অভিবাসীদের সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ তাদের বাবা-মা আমেরিকার প্রতি ‘আনুগত্য’ রাখেন না।
অন্যদিকে রাজ্যগুলো বলছে, নাগরিকত্ব সংক্রান্ত সীমিত আদেশের ফলে নাগরিক অধিকার ক্ষুণ্ন হবে এবং যেহেতু মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হয়, তাই জাতীয় পর্যায়ে আদেশ না দিলে ক্ষতিপূরণ অসম্পূর্ণ থাকবে।
এই রায় ট্রাম্প প্রশাসনের একটি বড় ধরনের সাংবিধানিক ব্যাখ্যার চেষ্টাকে আইনি চ্যালেঞ্জে ব্যর্থ বলে চিহ্নিত করল। আপাতত আদেশটি কার্যকর হচ্ছে না, তবে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে, যেখানে বিষয়টির চূড়ান্ত ব্যাখ্যা মিলবে।




