বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জাপানের সঙ্গে ‘বৃহত্তম’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের সঙ্গে একটি ‘বৃহৎ’ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করেছি, সম্ভবত জাপানের সঙ্গে এটাই সবচেয়ে বড় চুক্তি।”

আমেরিকার গণমাধ্যম সিএনএন বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গণমাধ্যটির প্রতিবেদন থেকে জানা যায়, চুক্তি অনুযায়ী, আমেরিকায় রপ্তানি হওয়া জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক আরোপ করা হবে। এতে গাড়ি ও যন্ত্রাংশ অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে অন্য দেশগুলোকে একই পণ্যে ২৫% শুল্ক দিতে হচ্ছে। জাপানও আমেরিকায় ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যা থেকে আমেরিকা “৯০ শতাংশ লাভ পাবে” বলে দাবি ট্রাম্পের।

তিনি আরও জানান, এই চুক্তির ফলে লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাপান চাল, কৃষিপণ্য ও গাড়ির আমেরিকান বাজারে প্রবেশাধিকার বাড়াবে। এই ঘোষণার পর জাপানি শেয়ারবাজারে বড় উত্থান দেখা যায়—গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারে ঊর্ধ্বগতি দেখা দিলে নিকেই সূচক ৩.৭ শতাংশ বেড়ে যায়।

জাপানের শুল্ক আলোচক রিওসি আকাজাওয়া এই চুক্তিকে “মিশন সফল” আখ্যা দিয়েছেন। তিনি জানান, জাপান হচ্ছে বিশ্বের প্রথম দেশ, যাদের জন্য গাড়ি ও যন্ত্রাংশে শুল্ক কমানো হয়েছে, তাও আবার কোনো কোটা ছাড়া।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, “এটি আমেরিকার সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত থাকা দেশের জন্য সবচেয়ে কমমূল্যের চুক্তি। আমরা বিস্তারিত পর্যবেক্ষণ করবো।”

চুক্তির আওতায় জাপান আমেরিকায় যে বিনিয়োগ করবে, তা মূলত ফার্মাসিউটিক্যালস ও সেমিকন্ডাক্টর খাতে ব্যবহৃত হবে। একইসঙ্গে আমেরিকা থেকে চালের আমদানি বাড়তে পারে বলেও জানানো হয়েছে। তবে জাপান তাদের কৃষিখাতের স্বার্থ সংরক্ষণের কথা স্পষ্ট করেছে।

তবে ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিতে ৫০% শুল্ক এখনো বহাল রয়েছে, যা নিয়ে আলোচনা চলবে। চুক্তির আগে জাপান আমেরিকার চাপের মুখে ছিল, কারণ আগস্টের ১ তারিখের মধ্যে সমঝোতা না হলে ২৫% শুল্ক আরোপের হুমকি ছিল। ট্রাম্প আগেই অভিযোগ করেছিলেন, “জাপান আমাদের চাল নেয় না, অথচ তাদের নিজ দেশে চালের সংকট চলছে।”

তথ্য অনুযায়ী, গত বছর জাপান আমেরিকা থেকে ২৯৮ মিলিয়ন ডলারের চাল আমদানি করেছিল। একই বছরে জাপান ১৬,৭০৭টি আমেরিকার গাড়িও আমদানি করেছে।

আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সম্প্রতি টোকিও সফরে গিয়ে চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন।

বর্তমানে জাপান হচ্ছে আমেরিকার পঞ্চম বৃহত্তম আমদানিকারক দেশ। ২০২৩ সালে জাপান ১৪৮ বিলিয়ন ডলারের পণ্য আমেরিকায় রপ্তানি করেছে এবং আমেরিকা জাপানে ৮০ বিলিয়ন ডলারের পণ্য পাঠিয়েছে।

তবে চুক্তিটি চীনের সঙ্গে জাপানের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কের প্রেক্ষাপটে কিছুটা কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ চীনই জাপানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।