বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইরান নতুন পারমাণবিক স্থাপনা গড়লে ধ্বংস করা হবে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইরান যদি নতুন করে কোনো পারমাণবিক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নেয়, তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ইতোমধ্যেই সম্পূর্ণরূপে ধ্বংস বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে। এসব স্থাপনা আবার সচল করতে তাদের বছরের পর বছর সময় লাগবে। তারা যদি আবার কাজ শুরু করতে চায়, তাহলে তিনটি ভিন্ন স্থানে নতুন করে হামলা চালানোই হবে সবচেয়ে ভালো পদক্ষেপ।”

এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত জুন মাসে আমেরিকার চালানো হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর মধ্যে মাত্র একটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। বাকি দুটি স্থাপনার কিছুটা ক্ষতি হলেও, কয়েক মাসের মধ্যেই সেগুলোর কার্যক্রম পুনরায় শুরু হতে পারে।

তবে হোয়াইট হাউস এ মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি রয়টার্সকে জানিয়েছেন, “অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক ক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।”

এই বিষয়ে সিএনএনের ২৪ জুনের এক প্রতিবেদনে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন তুলে ধরা হয়, যেখানে বলা হয়েছে, ওয়াশিংটনের ওই হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম কয়েক মাস পিছিয়ে দিতে পেরেছে মাত্র।

তবে ২৫ জুন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক বিবৃতিতে বলেন, ২১-২২ জুন রাতের অভিযানে ইরানের ফোরডো, নাতানজ এবং ইসফাহান স্থাপনাগুলো ‘নিশ্চিহ্ন’ করা হয়েছে। হোয়াইট হাউস আরও দাবি করেছে, ইরান হামলার আগে এসব স্থাপনা থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে ব্যর্থ হয়েছিল।

এ প্রেক্ষাপটে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি আমেরিকার দৃঢ় অবস্থান ও কূটনৈতিক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, ইরানও শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মুসাভি রয়টার্সকে বলেন, ইসরায়েলের সঙ্গে চলমান ১২ দিনের যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আরও জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘বাভার-৩৭৩’ ও ‘খোরদাদ-১৫’ নামের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরমাণু বিষয়ক উপদেষ্টা আলি লারিজানির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রাজনৈতিক সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, ইউরোপীয় তিন দেশ—জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য—ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।