বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত আমেরিকার কূটনীতিক ও দূতাবাসগুলোর উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এতে বলা হয়েছে, কোনো দেশের পার্লামেন্ট নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না, বৈধ হয়েছে কি না—এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, প্রতিক্রিয়া বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করতে কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৭ জুলাই আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তারবার্তা আকারে এই নির্দেশনা পাঠানো হয়। বার্তাটিতে দেশটির রাষ্ট্রদূত ও দূতাবাসে কর্মরত সকল কূটনীতিকদের কঠোরভাবে জানানো হয়েছে যে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো দেশেই তারা এখন থেকে প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে পারবেন না।
তারবার্তায় বলা হয়েছে, “এখন থেকে কোনো দেশের নির্বাচন নিয়ে সেই দেশের আমেরিকার দূতাবাস কিংবা ওয়াশিংটন থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে না।”
এতে আরও বলা হয়, “নির্বাচনে বিজয়ী পক্ষকে অভিনন্দন জানানো এবং যথাযথ সময়ে তাদের সঙ্গে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ আমেরিকার স্বার্থ নিয়ে আলোচনা শুরু করাই হবে মূল লক্ষ্য।”
উল্লেখযোগ্যভাবে, এই নির্দেশনায় আমেরিকার কূটনীতিকদের সতর্ক করে বলা হয়েছে, “কোনো দেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না, গণতান্ত্রিক মানদণ্ড বজায় ছিল কি না, এসব বিষয়ে কূটনীতিকরা কোনোভাবেই আগ বাড়িয়ে মন্তব্য করবেন না। এমনকি কোনো পক্ষ থেকে প্রতিক্রিয়া চাওয়া হলেও তা এড়িয়ে যেতে বলা হয়েছে।”
তবে ব্যতিক্রম হিসেবে বলা হয়েছে, “যদি কোনো দেশের নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে আমেরিকার পররাষ্ট্রনীতির স্পষ্ট ও বাধ্যতামূলক স্বার্থ সংশ্লিষ্ট থাকে, তাহলে বিষয়টি নিয়ে মন্তব্য করার একমাত্র অধিকার থাকবে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত মুখপাত্রদের।”
এছাড়া তারবার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “আমেরিকার তার নিজস্ব গণতান্ত্রিক মূল্যবোধকে দৃঢ়ভাবে ধরে রেখেছে এবং তা উদযাপনও করছে। যেসব দেশ আমেরিকার স্বার্থের অংশীদার, তাদের সঙ্গে অংশীদারত্ব আরও বিস্তারের পক্ষেই অবস্থান নিচ্ছেন প্রেসিডেন্ট।”
বিশ্লেষকরা বলছেন, আমেরিকার এই অবস্থান বৈশ্বিক কূটনৈতিক চর্চায় গুরুত্বপূর্ণ একটি বার্তা বহন করে। বিশেষ করে দেশটির পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে এখন ‘স্বার্থ’ ও ‘সম্পর্ক’কে প্রাধান্য দেওয়া হচ্ছে—এটি তার সুস্পষ্ট প্রতিফলন।




