বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিতে বৈধ অভিবাসীরাও বহিষ্কারের মুখে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকায় বৈধভাবে বসবাসকারী অভিবাসীরাও এবার ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির আওতায় পড়তে শুরু করেছেন। অস্থায়ী সুরক্ষা সুবিধা (টিপিএস) পাওয়া অভিবাসীদের সুরক্ষা বাতিল করে তাদেরও বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম সম্প্রতি ঘোষণা করেছে, টিপিএস প্রোগ্রামে থাকা প্রায় ৭ লাখ অভিবাসীর সুরক্ষা বাতিল করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাইতির ৩ লাখ ৪৮ হাজার, ভেনেজুয়েলার ৩ লাখ ৪৮ হাজার এবং আফগানিস্তানের ১১ হাজার ৭০০ জন নাগরিক। এরা সবাই যুদ্ধ, সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন।

একজন হাইতিয়ান টিপিএসপ্রাপ্ত নাগরিক বলেন, “আমি কখনোই অবৈধভাবে আসিনি, অপরাধ করিনি। কিন্তু এখন আমাকে যদি হাইতিতে ফিরতে হয়, তাহলে প্রার্থনা করব যেন গুলি খেয়ে না মরতে হয়।”

ট্রাম্প প্রশাসন শুধু টিপিএসপ্রাপ্তদের নয়, বাইডেন সরকারের মানবিক ‘প্যারোল’ সুবিধা পাওয়া অভিবাসীদের দিকেও নজর দিচ্ছে। অভিবাসন আদালতগুলো এখন এসব ‘প্যারোল’ মামলার শুনানি বাতিল করছে। ফলে অভিবাসন ও শুল্কপ্রয়োগ সংস্থা (আইস) কোনো ধরনের শুনানি ছাড়াই অভিবাসীদের আটক করে দ্রুত বহিষ্কারের ব্যবস্থা নিচ্ছে। অধিকারকর্মীরা এই কার্যক্রমকে আখ্যা দিয়েছেন ‘রিমুভালপালুজা’ বা ‘বহিষ্কার উৎসব’।

ট্রাম্পের নির্দেশনায় আইস সম্প্রতি জানায়, যেসব অভিবাসী অবৈধভাবে প্রবেশ করেছেন, তারা আর বহিষ্কারের প্রক্রিয়ায় জামিন চাইতে পারবেন না। বরং আদালতের দীর্ঘ প্রক্রিয়া চলাকালীন তাদের আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কংগ্রেস চার বছর মেয়াদি ৪৫ বিলিয়ন ডলারের বাজেট পাস করেছে, যা অভিবাসীদের আটক ও বহিষ্কারে ব্যবহৃত হবে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বলেন, “টিপিএস কোনো দিনই স্থায়ী আবাসন বা নাগরিকত্বের পথ ছিল না। বাইডেন প্রশাসন এটি অপব্যবহার করেছে।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য এখন অভিবাসন ব্যবস্থা পুরোপুরি পুনর্গঠন করা। এতে বৈধ ও অবৈধ উভয় শ্রেণির অভিবাসীই চাপের মুখে পড়ছেন।