আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে বরখাস্ত করা হচ্ছে। দপ্তরের অভ্যন্তরীণ বড় ধরনের সংস্কারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
একটি অভ্যন্তরীণ নোটিশ অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে কর্মরত ১,১০৭ জন সিভিল সার্ভিস কর্মকর্তা ও ২৪৬ জন ফরেন সার্ভিস অফিসার বরখাস্তের তালিকায় রয়েছেন। ট্রাম্প প্রশাসনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ফেডারেল সরকারকে ছোট করার লক্ষ্যে এই পুনর্গঠন করা হচ্ছে।
ছাঁটাই হওয়া কর্মকর্তারা সহিংস চরমপন্থা মোকাবিলা, তালেবান দখলের পর আফগান শরণার্থীদের সহায়তা, শিক্ষা বিনিময় কর্মসূচি, নারীর অধিকার, শরণার্থী এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে কাজ করতেন।
এই পুনর্গঠনের ফলে শত শত অফিস ও ব্যুরো বিলুপ্ত বা পরিবর্তিত হচ্ছে। শুক্রবার ইমেইলের মাধ্যমে বরখাস্তের নোটিশ পাঠানো হয়, যেদিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও মালয়েশিয়া থেকে ফিরছিলেন।
নোটিশে বলা হয়, “প্রায় ৩,০০০ কর্মী এই পুনর্গঠনের অংশ হিসেবে চাকরি হারাবে,” যার মধ্যে বরখাস্ত ও স্বেচ্ছায় বিদায় নেওয়া ব্যক্তিরা রয়েছেন।
ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্ট ভবনে সহকর্মীদের জন্য সমর্থন ও কৃতজ্ঞতার বার্তা পোস্ট করা হয়। “ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ করো” ও “তোমরা যে শপথ নিয়েছিলে তা মনে রেখো” — এমন বার্তা দেওয়া সাইনও দেখা গেছে।
দিন শেষে বরখাস্ত হওয়া কর্মীদের বিদায় জানাতে সহকর্মীরা করতালি দিয়ে তাদের সন্মান জানান। কেউ কেউ কাঁদছিলেন, কেউ বক্স হাতে নিয়ে বের হচ্ছিলেন, আর বাইরে উপস্থিত জনতা তাদের জন্য সমর্থন জানাচ্ছিল।
২০ বছর ধরে কূটনীতিক হিসেবে কাজ করা ওলগা বাশবুশ বলেন, “এই বরখাস্তের প্রক্রিয়ায় মর্যাদা ও শ্রদ্ধার অভাব ছিল। তবুও আমি গর্ব নিয়ে ডিপার্টমেন্ট ছেড়েছি।”
তিনি বলেন, “আমরা যারা কূটনৈতিক, তারা যুদ্ধ এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। কংগ্রেস ও প্রেসিডেন্ট যারা চায় না ‘চিরস্থায়ী যুদ্ধ’ চলুক, তাদের জন্য আমাদের মতো পেশাজীবীরা প্রয়োজন।”
সাবেক স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা ও ডেমোক্রেট আইনপ্রণেতারা এই বরখাস্তের তীব্র নিন্দা জানান। তারা বলেন, এখন বিশ্বব্যাপী সংকটের সময়, কূটনৈতিক পেশাজীবীদের ছাঁটাই আমেরিকার অবস্থান দুর্বল করবে।
নতুন পরিকল্পনায় অভিবাসন হ্রাস এবং প্রশাসনের আদর্শ প্রচারে গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ মানবাধিকার সংরক্ষণে গুরুত্ব কমানো হয়েছে।
ট্রাম্প প্রশাসন বলেছে, এই পুনর্গঠন “বড় হয়ে যাওয়া” প্রতিষ্ঠানকে কার্যকর ও প্রশাসনের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে প্রয়োজনীয় ছিল।
নোটিশে বলা হয়, “ডিপার্টমেন্টের পুনর্গঠন অনুযায়ী, দেশীয় কার্যক্রমকে কূটনৈতিক অগ্রাধিকারে কেন্দ্রীভূত করা হচ্ছে।”
“ছাঁটাই পরিকল্পনা শুধু অতিরিক্ত ও পুনরাবৃত্ত কাজ বা বিভাগকে লক্ষ্য করেছে। ব্যক্তিগত নয়, কাজের ধরন বিবেচনায় নেওয়া হয়েছে,” বলা হয়েছে।
ফরেন সার্ভিস কর্মকর্তারা ছাঁটাইয়ের নোটিশ পাওয়ার পর ১২০ দিনের প্রশাসনিক ছুটিতে থাকবেন, এরপর চাকরি শেষ হবে। সিভিল সার্ভিস কর্মীদের জন্য এই সময় ৬০ দিন।
রুবিও বলেন, “এটি খুবই পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হয়েছে।”
এক সিনিয়র কর্মকর্তা বলেন, ঠিক কত বাজেট সাশ্রয় হবে তা বলা যাচ্ছে না, তবে আগামী বছরের বাজেট অনুরোধে “গুরুত্বপূর্ণ সাশ্রয়” প্রতিফলিত হয়েছে।
আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, “এই বরখাস্ত কেবল যে কার কী দক্ষতা, তা নয় বরং কোথায় কাজ করছিলেন সেটির ওপর ভিত্তি করে করা হয়েছে। এটি সংস্কার নয়।”
তারা আরও বলে, “পেশাদার, অরাজনৈতিক কূটনীতি অপ্রয়োজনীয় নয়, এটি অপরিহার্য।”




