নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি জোরালোভাবে এগিয়ে আছেন। সম্প্রতি প্রকাশিত স্লিংশট স্ট্র্যাটেজিসের এক জরিপে দেখা গেছে, মামদানির প্রতি ভোটারদের সমর্থন ৩৫ শতাংশ, যা তাঁকে স্পষ্টভাবে শীর্ষে অবস্থান করিয়েছে।
জরিপ অনুযায়ী, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো রয়েছেন দ্বিতীয় স্থানে ২৫ শতাংশ সমর্থন নিয়ে। অপরদিকে, বর্তমান মেয়র এরিক অ্যাডামসের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে মাত্র ১১ শতাংশে। রিপাবলিকান প্রার্থী কর্টিস স্লিওয়া ১৪ শতাংশ ভোটে অবস্থান করছেন তৃতীয় স্থানে। জরিপটি ১,০৩৬ জন নিবন্ধিত ভোটারের উপর চালানো হয় এবং এতে ±৪.২ শতাংশ মার্জিন অব এরর ছিল।
বামপন্থী নীতিতে বিশ্বাসী মামদানি তাঁর “জোহরানোমিক্স” পরিকল্পনার মাধ্যমে শহরের বাজেট পুনর্বিন্যাস ও দরিদ্র জনগণের জন্য পরিষেবা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। এতে রয়েছে—গণপরিবহন বিনামূল্যে করা; দরিদ্র পরিবারদের জন্য শিশু শিক্ষাব্যবস্থা সহজলভ্য করা; সরকারি তত্ত্বাবধানে সুপারমার্কেট চালু করা এবং ধনীদের উপর কর বাড়ানো।
মামদানি ইতিমধ্যেই ডেমোক্র্যাটিক দলের অগ্রগামী নেতাদের, বিশেষ করে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ এবং বার্নি স্যান্ডার্সের সমর্থন পেয়েছেন। চলতি মাসের ১৫ ও ১৬ তারিখে তিনি নিউ ইয়র্কের বড় বড় ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করছেন, যেখানে করনীতি ও বাজেট প্রসঙ্গে আলোচনার কথা রয়েছে।
তবে এই উত্থানের মাঝেও মামদানি বিতর্কে জড়িয়েছেন। অতীতে তাঁর একটি “গ্লোবালাইজ দ্য ইনতিফাদা” মন্তব্য নিয়ে কট্টর সমালোচনা শুরু হয়। তাঁকে “ইসলামপন্থী” তকমা দেওয়া নিয়ে কিছু টেক উদ্যোক্তা ও মিডিয়া জোর সমালোচনা করে। মামদানি অবশ্য বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “এটি মানবাধিকার ও ন্যায়ের পক্ষে একটি রাজনৈতিক বক্তব্য, সহিংসতা নয়।”
তাঁর কলেজজীবনের কিছু কর্মকাণ্ড নিয়েও সমালোচনার ঝড় বইছে, বিশেষ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আবেদনপত্রে নিজের জাতিগত পরিচয় “এশীয় ও আফ্রিকান আমেরিকান” হিসেবে দেখানো নিয়ে প্রশ্ন উঠেছে।
সবকিছু ছাপিয়ে, নিউ ইয়র্ক সিটির রাজনৈতিক মঞ্চে জোহারন মামদানির এই উত্থান উল্লেখযোগ্য। স্পষ্টতই, বর্তমান প্রশাসনের প্রতি অসন্তোষ এবং প্রগতিশীল নীতির প্রতি জনসমর্থন তাঁকে এগিয়ে দিয়েছে। তবে সামনে বিতর্কগুলো কেমন প্রভাব ফেলবে এবং তিনি কীভাবে এই চাপ সামাল দেবেন, তা–ই নির্ধারণ করবে তাঁর চূড়ান্ত সাফল্য।




