বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে নতুন আটক কেন্দ্র

ডেস্ক রিপোর্ট
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিবাসনবিরোধী আইন প্রয়োগকারী সংস্থা (আইসিই, যা আইস নামে পরিচিত) যুক্তরাষ্ট্রজুড়ে আটককেন্দ্র নির্মাণ ও পরিচালনায় ৩ হাজার ৮৩০ কোটি ডলার খরচ করার পরিকল্পনা করছে।

নিউ হ্যাম্পশায়ারের গভর্নরের দপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন সিনেটে এক শুনানির পর আয়োট একটি তদন্ত করেন। ওই তদন্ত শেষ হওয়ার পর বৃহস্পতিবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নথিটি সরবরাহ করেছে।

পরিকল্পনা অনুযায়ী, আইসিই বিদ্যমান ১৬টি ভবন কিনে সেগুলো সংস্কার করবে। এগুলোকে আঞ্চলিক প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। সেখানে তিন থেকে সাত দিনের জন্য ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জনকে আটক রাখা যাবে।

আইসিই আরও আটটি বড় আটককেন্দ্র চালু করবে। সেগুলোতে গড়ে ৬০ দিনের জন্য ৭ হাজার থেকে ১০ হাজার জনকে আটক রাখা সম্ভব হবে। ফেরত পাঠানোর প্রক্রিয়ায় থাকা অভিবাসীদের জন্য এগুলো ‘প্রধান অবস্থানস্থল’ হিসেবে বিবেচিত হবে।

নথিতে বলা হয়েছে, ‘নতুন এই মডেল আইসিইকে একটি কার্যকর আটক নেটওয়ার্ক গড়তে সাহায্য করবে। এতে চুক্তিভিত্তিক আটককেন্দ্র ব্যবহারের সংখ্যা কমবে, আটককেন্দ্রে মোট শয্যাসংখ্যা বেড়ে যাবে, আটক ব্যবস্থাপনা উন্নত হবে এবং প্রত্যর্পণ কার্যক্রম দ্রুততর হবে।’

এ ব্যাপারে বক্তব্য জানতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে বার্তা সংস্থা রয়টার্সকে কোনো সাড়া দেয়নি।