গত বছর ভারত-পাকিস্তানকে শুল্ক আরোপের হুমকি দিয়ে যুদ্ধ থামিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মে মাসের ঐ সংঘাতে ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যাও এবার বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, দুই দেশের সংঘাতে ১০টি বিমান ভূপাতিত হয়েছিল।
গতকাল মঙ্গলবার ‘ফক্স বিজনেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধ মিটমাট করেছি। এই আটটি যুদ্ধের মধ্যে অন্তত ছয়টি থেমেছে শুল্কের কারণে। আমি বলেছিলাম, যদি তোমরা এই যুদ্ধ না মেটাও, তবে আমি তোমাদের ওপর শুল্ক চাপিয়ে দেব, কারণ আমি মানুষকে মরতে দেখতে চাই না।’
ট্রাম্প আরও বলেন, ‘তারা তখন বলেছিল, এর সঙ্গে শুল্কের সম্পর্ক কী? আমি বলেছিলাম, তোমাদের মাসুল দিতে হবে। যেমন ভারত ও পাকিস্তান।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মতে, এটি একটি পারমাণবিক যুদ্ধ হতে পারত। তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। তারা রীতিমতো লড়ছিল।’
গত বছরের ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় দুই প্রতিবেশী দেশ ‘পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর পর থেকে এ পর্যন্ত ট্রাম্প ৮০ বারের বেশি ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন।
গত বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ৭ মে সে দেশে হামলা চালিয়ে বসে ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান।




