২০১২ সালে কুখ্যাত মার্কিন ধনকুবের ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের দ্বীপে যাওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তবে এর আগে তিনি দাবি করেছিলেন, দণ্ডপ্রাপ্ত হওয়ার অনেক আগেই এপস্টিনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন।
গতকাল মঙ্গলবার ক্যাপিটল হিলে এক শুনানিতে সাক্ষ্য দেওয়ার সময় লুটনিক এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ছুটিতে পরিবার নিয়ে একটি নৌকায় ভ্রমণকালে আমি তাঁর (এপস্টিন) সঙ্গে দুপুরের খাবার খেয়েছিলাম। ওই সময় আমার সঙ্গে আমার স্ত্রী ও চার সন্তান ছিল। আমরা ওই দ্বীপে দুপুরের খাবার খেয়েছিলাম— এটি সত্য। তবে সেটি ছিল মাত্র এক ঘণ্টার জন্য।’
লুটনিকের এই সফর নিয়ে হওয়া বিভিন্ন চিঠিপত্র বা ই–মেইল মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত এপস্টিন-সংক্রান্ত নথিপত্রে অন্তর্ভুক্ত ছিল। এ তথ্য ছড়িয়ে পরায় বেশ কয়েকজন আইনপ্রণেতা লুটনিকের পদত্যাগ দাবি করেছেন।
তবে গতকাল হোয়াইট হাউস জানিয়েছে, বাণিজ্যমন্ত্রী লুটনিকের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন রয়েছে।
বাণিজ্যমন্ত্রী এর আগে কংগ্রেসকে বলেছিলেন যে ২০০৫ সালেই তিনি এপস্টিনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। নিউইয়র্কে লুটনিকের প্রতিবেশী ছিলেন প্রয়াত এই ধনকুবের।
লুটনি দাবি করেছিলেন, এপস্টিন তাঁর বাড়ির একটি কক্ষে শরীর মালিশের টেবিল রাখার কারণ হিসেবে ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ ব্যাখ্যা দিয়েছিলেন। আর এরপরই তিনি এপস্টিনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
তবে গতকাল দেওয়া সাক্ষ্যে লুটনিক বলেন, ‘আমার জানামতে, পরবর্তী ১৪ বছরে আমি আরও দুবার তাঁর সঙ্গে দেখা করেছি।’
মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত নথিপত্র অনুযায়ী, লুটনিক ২০১২ সালের ২৩ ডিসেম্বর এপস্টিনের দ্বীপে যান। এর চার বছর আগেই ২০০৮ সালে শিশুদের যৌনকর্মে বাধ্য করার দায়ে এপস্টিন দোষী সাব্যস্ত হয়েছিলেন।
ক্যাপিটল হিলের ওই শুনানিতেই লুটনিক প্রথমবারের মতো জনসমক্ষে এপস্টিনের দ্বীপে যাওয়ার কথা স্বীকার করলেন। ওই মধ্যাহ্নভোজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি ঠিক মনে করতে পারছি না, কেন আমরা সেখানে গিয়েছিলাম, তবে আমরা গিয়েছিলাম।’




