বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ওয়াশিংটনের দাবি না মানলে মাদুরোর মতো পরিণতি: রুবিও

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ওয়াশিংটনের দাবি মেনে নেওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দিতে যাচ্ছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর বার্তা স্পষ্ট—চাহিদা পূরণ না হলে রদ্রিগেজকেও সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর মতো পরিণতি ভোগ করতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) আমেরিকার সিনেটের বৈদেশিক সম্পর্ক–বিষয়ক কমিটির সামনে বক্তব্য দেবেন রুবিও। বার্তা সংস্থা এএফপি তাঁর বক্তব্যের একটি খসড়া হাতে পেয়েছে, যেখানে রদ্রিগেজের প্রতি এই হুঁশিয়ারির কথা উল্লেখ রয়েছে। রুবিও বলেন, “দেলসি রদ্রিগেজ মাদুরোর পরিণতি সম্পর্কে ভালোভাবেই জানেন।”

রুবিও দাবি করেন, আমেরিকা মনে করে রদ্রিগেজের ব্যক্তিগত স্বার্থ ওয়াশিংটনের মূল লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে বলেন, “ভুল করবেন না—অন্য সব কৌশল ব্যর্থ হলে আমরা প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও প্রস্তুত।”

ডেমোক্র্যাটদের চাপের মুখে এই শুনানিতে অংশ নিচ্ছেন রুবিও। অভিযোগ রয়েছে, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন আমেরিকার আইনপ্রণেতাদের বিভ্রান্ত করেছে এবং ক্ষমতার সীমা অতিক্রম করেছে।

সিনেট কমিটিতে প্রস্তুত বক্তব্যে রুবিও ভেনেজুয়েলায় অভিযানের পক্ষে সাফাই গেয়ে বলেন, “আমেরিকা দুজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে।” তিনি মাদুরোকে “আইনসম্মত রাষ্ট্রপ্রধান নয়, বরং অভিযুক্ত একজন মাদক কারবারি” হিসেবে উল্লেখ করেন। রুবিও আরও বলেন, “কোনো আমেরিকার নাগরিকের প্রাণহানি কিংবা সামরিক দখলদারত্ব ছাড়াই এই অভিযান সম্পন্ন হয়েছে। ইতিহাসে এমন নজির খুব কমই আছে।”

তবে ভেনেজুয়েলার কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরোকে রক্ষা করতে গিয়ে শতাধিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভেনেজুয়েলার পাশাপাশি কিউবার নাগরিকও রয়েছেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ভেনেজুয়েলার নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ থাকায় আমেরিকা ও অধিকাংশ পশ্চিমা দেশ মাদুরোকে বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেয়নি। মাদুরো আটক হওয়ার পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন দেলসি রদ্রিগেজ, যিনি আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা, তিনি আমেরিকার তেল কোম্পানিগুলোর স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা নেবেন।