বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সিএনএন ভিডিও বিশ্লেষণ: নিরস্ত্র প্রেটিকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে নিহত আমেরিকার নাগরিক আলেক্স প্রেটি আসলে গুলির সময় নিরস্ত্র ছিলেন—এমন প্রমাণ মিলেছে সিএনএনের ভিডিও বিশ্লেষণে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, কর্মকর্তাদের ভিড়ের মধ্যে একজন কর্মকর্তা প্রেটির কোমর থেকে অস্ত্র বের করেন। অস্ত্র উদ্ধারের এক সেকেন্ডের মধ্যেই গুলির শব্দ শোনা যায় এবং পরপর অন্তত নয়টি গুলি ছোড়া হয়। তবে ভিডিওতে কোথাও প্রেটিকে অস্ত্র হাতে দেখা যায়নি; বরং তাকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে দেখা গেছে।

গুলির পর প্রেটির নিথর দেহ পড়ে থাকাকালে এক কর্মকর্তা প্রশ্ন করেন, “বন্দুক কোথায়?” তখন অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা বলেন, “আমার কাছে আছে।”

ডিএইচএসের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন দাবি করেছেন, কর্মকর্তারা জীবননাশের আশঙ্কায় আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন। তবে কোন কর্মকর্তা প্রথম গুলি চালান তা স্পষ্ট নয়। মিনিয়াপোলিস পুলিশের প্রধান ব্রায়ান ও’হারা জানান, প্রেটি বৈধভাবে অস্ত্র বহনের অনুমতিপ্রাপ্ত ছিলেন। সাবেক পুলিশ কমিশনার ও সিএনএন বিশ্লেষক চার্লস র‌্যামসি ভিডিও পর্যালোচনা করে বলেন, “এটি কোনোভাবেই ন্যায্য গুলির ঘটনা বলে মনে হয় না।”

৩৭ বছর বয়সী আলেক্স প্রেটি মিনিয়াপোলিস ভিএ হাসপাতালে আইসিইউ নার্স হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার আগে দক্ষিণ মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের অভিযানের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক কর্মকর্তা একজন নারীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে প্রেটি মাঝখানে দাঁড়ান। এরপর তাকে রাসায়নিক স্প্রে করা হয় এবং একাধিক কর্মকর্তা মিলে মাটিতে চেপে ধরেন।

বিশ্লেষকদের মতে, অতিরিক্ত সংখ্যক কর্মকর্তার একসঙ্গে ঝাঁপিয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল ও বিভ্রান্তিকর হয়ে ওঠে। র‌্যামসি এ ঘটনায় স্বাধীন ও তৃতীয় পক্ষের তদন্তের দাবি জানান এবং ডিএইচএস নেতৃত্বের ভূমিকার কঠোর সমালোচনা করেন।