নিউ ইয়র্কে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় শীতকালীন ঝড় ‘ফার্ন’ প্রাণঘাতী রূপ নিয়েছে। তীব্র শীত ও হিমাঙ্কের নিচে নেমে যাওয়া তাপমাত্রায় শনিবার (২৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত শহরের রাস্তায় তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সকালে ম্যানহাটনের থার্ড অ্যাভিনিউতে ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে ফুটপাথে মৃত অবস্থায় পাওয়া যায়। এর প্রায় দুই ঘণ্টা পর ব্রুকলিনে আরও দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়— একজন ত্রিশোর্ধ্ব পুরুষ এবং একজন ষাটোর্ধ্ব নারী। এনবিসি নিউজ নিউ ইয়র্ক জানিয়েছে, তিনজনই আবহাওয়া-সংক্রান্ত পরিস্থিতির কারণে মারা গেছেন। এদিকে ভারী তুষারপাত ও ঝোড়ো হাওয়ার কারণে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ভোর থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত চলা এই ঝড়ে ভারী তুষারপাত, ঝোড়ো হাওয়া ও তীব্র শীতের কারণে ‘হোয়াইটআউট’ পরিস্থিতি তৈরি হতে পারে। বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। সাবওয়ে ও বাস চললেও বিলম্ব ও সার্ভিস পরিবর্তনের আশঙ্কা রয়েছে।
শনিবার ম্যানহাটনে এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নিউ ইয়র্ক সিটি ও লং আইল্যান্ডে ৮ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে, কোথাও কোথাও তা ১৪ থেকে ১৬ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। দৃশ্যমানতা এক-চতুর্থাংশ মাইলেরও নিচে নেমে আসতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
স্যানিটেশন বিভাগ জানিয়েছে, মাটিতে প্রায় ২ ইঞ্চি তুষার জমে গেলে তুষার পরিষ্কার কার্যক্রম শুরু হবে। প্রায় ২২০ মাইল উন্মুক্ত রেললাইনে বরফ অপসারণে বিশেষ ট্রেন প্রস্তুত রাখা হয়েছে। নাগরিকরা PlowNYC ট্র্যাকার ব্যবহার করে রিয়েল-টাইমে তুষার পরিষ্কারের অগ্রগতি দেখতে পারবেন।
নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল জরুরি অবস্থা ঘোষণা করে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। তিনি জানিয়েছেন, ঝড় মোকাবিলায় সিটি প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে বিপজ্জনক ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।
মেয়র মামদানি আরও জানান, ঝড়ের সঙ্গে দীর্ঘস্থায়ী তীব্র শীতও আসছে। আগামী সপ্তাহজুড়ে এমন ঠান্ডা পড়বে, যা গত আট বছরে দেখা যায়নি। এ কারণে শহরজুড়ে কোড ব্লু কার্যকর রয়েছে। গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র, হাসপাতাল ও ড্রপ-ইন সেন্টার খোলা থাকবে। জরুরি সহায়তার জন্য ৩১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
পরিবহন ব্যবস্থায়ও প্রভাব পড়তে পারে। এমটিএ জানিয়েছে, সাবওয়ে চলাচল বন্ধ না হলেও আউটডোর লাইনে বিলম্ব ও সার্ভিস পরিবর্তন হতে পারে। কিছু এক্সপ্রেস ট্রেন লোকাল স্টপে চলবে। সোমবার স্কুলে ছুটি দেওয়া হবে কি না, সে বিষয়ে রবিবার দুপুরে সিদ্ধান্ত জানানো হবে। প্রয়োজনে অনলাইন ক্লাস চালু রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে।




