বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

মিনেসোটায় পাঁচ বছরের শিশু আটক, আইসিইর বিরুদ্ধে সমালোচনা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকায় মিনেসোটায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাঁচ বছর বয়সী এক শিশুকে তার বাবার সঙ্গে আটক করেছে ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। মঙ্গলবার (২০ জানুয়ারি) কলাম্বিয়া হাইটস পাবলিক স্কুলের শিক্ষার্থী লিয়াম কোনেজো রামোসকে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিশুসহ অন্তত চারজন শিশু অভিবাসন পুলিশের হাতে আটক হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ অভিযোগ করেছে, শিশুটিকে ব্যবহার করে অভিবাসন পুলিশ বাড়ির ভেতরে থাকা অন্যদের বাইরে আনতে চেয়েছিল। সুপারিনটেনডেন্ট জেনা স্টেনভিক সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলেন, ফেডারেল কর্মকর্তারা একটি পাঁচ বছরের শিশুকে টোপ হিসেবে ব্যবহার করেছেন, যা অত্যন্ত অমানবিক। তিনি জানান, শিশুটিকে গাড়ি থেকে নামিয়ে বাড়ির দরজায় টোকা দিতে বাধ্য করা হয়।

আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেন, শিশুটির বাবা নিজেই চেয়েছিলেন ছেলে তার সঙ্গে থাকুক। বর্তমানে বাবা ও ছেলে টেক্সাসের ডিলি শহরের একটি অভিবাসন আটক কেন্দ্রে রয়েছে। তিনি জানান, শিশুটির বাবা আন্দ্রিয়ান আলেক্সান্ডার কোনেজো আরিয়াস ইকুয়েডরের নাগরিক এবং অবৈধভাবে আমেরিকায় অবস্থান করছেন। গ্রেপ্তারের সময় তিনি শিশুটিকে ফেলে পালানোর চেষ্টা করেছিলেন।

কলাম্বিয়া হাইটস স্কুলে প্রায় ৩,৪০০ শিক্ষার্থী পড়াশোনা করে, যাদের বেশির ভাগই অভিবাসী পরিবারের সন্তান। এর আগে একই স্কুলের ১৭ ও ১০ বছর বয়সী আরও দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছিল। এসব ঘটনার পর গত দুই সপ্তাহে স্কুলে উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স মিনিয়াপোলিসে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি বলেন, শিশুটিকে গ্রেপ্তার নয়, কেবল আটক করা হয়েছে।

ডিলি আটক কেন্দ্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিশু অধিকার সংস্থা চিলড্রেনস রাইটস-এর প্রধান আইন উপদেষ্টা লিসিয়া ওয়েলচ। তিনি বলেন, শিশুদের এভাবে আটক রাখা তাদের মানসিক ও শারীরিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।