বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে ডাভোসে দেওয়া বক্তব্যের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কে জড়িয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভাষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “অনেক সময় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় একজন ‘স্বৈরশাসক’ দরকার।”
ট্রাম্প দাবি করেন, তার বক্তৃতা ব্যাপক প্রশংসা পেয়েছে। তিনি বলেন, “সাধারণত তারা বলে আমি ভয়ংকর এক স্বৈরশাসক। আমি তো স্বৈরশাসকই। কখনো কখনো স্বৈরশাসক দরকার।” এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিদ্রুপের জন্ম দিয়েছে।
ডাভোসে দেওয়া ভাষণে ট্রাম্প আমেরিকার পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের দাবি পুনরায় তুলে ধরেন এবং কানাডা ও ইউরোপের প্রতি হুমকিস্বরূপ মন্তব্য করেন। যদিও পরে তিনি জানান, আপাতত গ্রিনল্যান্ড নিয়ে সামরিক শক্তি বা শুল্ক ব্যবহারের কোনো পরিকল্পনা নেই; বরং আর্কটিক অঞ্চল নিয়ে কাঠামোগত চুক্তির সম্ভাবনার ইঙ্গিত দেন।
নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করা ট্রাম্পের জন্য নতুন নয়। ২০২৫ সালে ওয়াশিংটনে অপরাধ ও অবৈধ অভিবাসন দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন এবং পতাকা পোড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সময়ও তিনি বলেছিলেন, অনেক আমেরিকান একজন স্বৈরশাসক চাইছেন। ২০২৪ সালের নির্বাচনের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দায়িত্ব নেওয়ার প্রথম দিন ‘স্বৈরশাসকের মতো’ কাজ করবেন বলেও মন্তব্য করেছিলেন।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই কর্তৃত্ববাদী নেতাদের প্রশংসা করে আসছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বুদ্ধিমান’ ও ‘শক্তিশালী নেতা’ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে ‘চতুর’ সিদ্ধান্ত আখ্যা দিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘অত্যন্ত সম্মানিত’ এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘কঠিন ও চতুর’ বলে বর্ণনা করেছেন। এমনকি ২০১৮ সালে কিমের সঙ্গে তার সম্পর্ককে ‘প্রেমে পড়া’র মতো ঘনিষ্ঠ বলে দাবি করেছিলেন, যা বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছিল।




