বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে আমেরিকা ও ডেনমার্কের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ড দখলে অনড় অবস্থান নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে সোমবার (১৯ জানুয়ারি) আমেরিকার নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিম উপকূলের পিটুফিক সেনাঘাঁটিতে যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে।
অন্যদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে ডেনমার্কও গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। ফলে দ্বীপটি ঘিরে সামরিক উত্তেজনা আরও বেড়ে গেছে। কূটনৈতিক মহল মনে করছে, ট্রাম্পের অনড় অবস্থান এবং ডেনমার্কের প্রতিক্রিয়া গ্রিনল্যান্ডকে ঘিরে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
গ্রিনল্যান্ডে আগে থেকেই আমেরিকার সেনাঘাঁটি রয়েছে এবং সেখানে সেনা মোতায়েন আছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। নোরাড জানিয়েছে, পূর্বপরিকল্পিত কার্যক্রমের অংশ হিসেবে যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। তবে কী ধরনের কার্যক্রম, তা স্পষ্ট করেনি তারা।
কূটনৈতিক দ্বন্দ্বও তীব্র হচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপ তিনি শতভাগ বাস্তবায়ন করবেন। ইউরোপীয় ইউনিয়নের নেতারা ডেনমার্কের পাশে দাঁড়িয়ে পাল্টা পদক্ষেপের বার্তা দিয়েছেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট গায়ের জোরে গ্রিনল্যান্ডের মালিক হতে পারবেন না।
এদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনল্যান্ড নিয়ে একাধিক বার্তা প্রকাশ করেছেন। ট্রুথ সোশ্যালে তিনি গ্রিনল্যান্ডে আমেরিকার পতাকা স্থাপনের একটি ইলাস্ট্রেটেড ছবি পোস্ট করেছেন, যেখানে তার পাশে রয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়া সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে দ্বীপটি নিয়ে আলোচনার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য ডেনমার্ক। এই ডেনমার্কের নিয়ন্ত্রণেই রয়েছে গ্রিনল্যান্ড।
সব মিলিয়ে গ্রিনল্যান্ডকে ঘিরে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। ট্রাম্পের অনড় অবস্থান এবং ইউরোপীয় মিত্রদের পাল্টা প্রতিক্রিয়ায় যুদ্ধের শঙ্কা এখন আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না।




