আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল পরিকল্পনার বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শনিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি বলেন, “যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি।”
বর্তমানে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে ট্রাম্প স্পষ্ট করে জানাননি কোন কোন দেশ এই শুল্কের আওতায় পড়তে পারে কিংবা তার আইনি ভিত্তি কী হবে।
ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়াও একাধিক দেশ ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে। আমেরিকার ভেতরেও এ পরিকল্পনা নিয়ে ব্যাপক সংশয় ও সমালোচনা দেখা দিয়েছে।
এদিকে ট্রাম্পের বক্তব্যের সময় একটি দ্বিদলীয় কংগ্রেসনাল প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফর করছিল। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বার্তা পৌঁছে দিতেই এই সফর।
১১ সদস্যের ওই প্রতিনিধি দলে রিপাবলিকান সদস্যরাও রয়েছেন, যারা জাতীয় নিরাপত্তার অজুহাতে গ্রিনল্যান্ড অধিগ্রহণের আহ্বান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা গ্রিনল্যান্ডের সংসদ সদস্যদের পাশাপাশি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেনের সঙ্গে বৈঠক করেন।
প্রতিনিধি দলের সদস্য ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস বলেন, স্থানীয়দের মতামত শোনা এবং তা ওয়াশিংটনে পৌঁছে দিয়ে ‘উত্তেজনা কমানোই’ তাদের সফরের মূল উদ্দেশ্য।
এর আগে ট্রাম্প বলেন, আমেরিকার নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমেরিক এটি ‘সহজ উপায়ে বা কঠিন উপায়ে’ দখল করবেই।
ডেনমার্ক সতর্ক করেছে, গ্রিনল্যান্ডে আমেরিকার সামরিক হামলা হলে ন্যাটোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নরওয়ে, নেদারল্যান্ডস ও বেলজিয়াম ইতিমধ্যে গ্রিনল্যান্ডে সামরিক অনুসন্ধান মিশন পাঠিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, খুব শিগগিরই আকাশ ও সমুদ্রপথে আরও রসদ পাঠানো হবে।
গ্রিনল্যান্ড জনসংখ্যায় কম হলেও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ও সমুদ্রপথে নজরদারির জন্য অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে পরিচালিত আমেরিকার পিটুফিক ঘাঁটিতে বর্তমানে ১০০-এর বেশি আমেরিকান সেনা অবস্থান করছে।




