শুক্রবার

,

১৫ই মে, ২০২৬

মিনিয়াপোলিসে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে জোরপূর্বক আটক আইসের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে অবৈধ অভিবাসী ধরার অভিযানের সময় বাংলাদেশি বংশোদ্ভূত সফটওয়্যার প্রকৌশলী ও মানবাধিকারকর্মী আলিয়া রহমানকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আইস এজেন্টদের এই অভিযানে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে।

ভিডিওতে দেখা যায়, মুখোশধারী আইস এজেন্টরা আলিয়া রহমানের গাড়ির কাচ ভেঙে তাকে জোরপূর্বক বের করে আনছেন। এ সময় তিনি নিজেকে অসুস্থ দাবি করে জানান, চিকিৎসকের কাছে যাওয়ার পথে ছিলেন। ঘটনাস্থলে থাকা বিক্ষোভকারীরাও এজেন্টদের থামতে বলেন।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, অবৈধ অভিবাসীদের ধরতে অভিযানে নেমেছিল আইস। সেই অভিযানের প্রতিবাদে স্থানীয় লোকজন রাস্তায় নামেন। অভিযোগ রয়েছে, আলিয়া রহমান তার গাড়ি দিয়ে এজেন্টদের পথরোধের চেষ্টা করেছিলেন।

আলিয়া রহমান একজন অভিজ্ঞ সফটওয়্যার প্রকৌশলী ও মানবাধিকারকর্মী। তিনি আমেরিকায় জন্মগ্রহণ করলেও শৈশবের একটি বড় অংশ কাটিয়েছেন বাংলাদেশে। পারডু ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং সাইবার নিরাপত্তায় সনদপ্রাপ্ত পেশাজীবী। এর আগে তিনি নিউ আমেরিকার ওপেন টেকনোলজি ইনস্টিটিউটের ফেলো হিসেবে কাজ করেছেন, যেখানে পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের নীতিমালা নিয়ে গবেষণা করেন।

ঘটনার পর আলিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আইসের দাবি, তিনি অভিযানে বাধা সৃষ্টি করেছিলেন। এই ঘটনার পর আমেরিকায় আইস এজেন্টদের ভূমিকা ও অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।