বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

গ্রিনল্যান্ড দখল রোধে বিল প্রস্তাব আমেরিকার সিনেটরদের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার সিনেটররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ন্যাটোভুক্ত কোনো সদস্য দেশের ভূখণ্ড দখল করা থেকে বাধা দিতে একটি নতুন বিল প্রবর্তন করেছেন। ডেনমার্কের স্বশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডও এর অন্তর্ভুক্ত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রস্তাবিত দ্বিদলীয় এই বিলটির নাম দেওয়া হয়েছে ‘ন্যাটো ইউনিটি প্রটেকশন অ্যাক্ট’। এতে বলা হয়েছে, প্রতিরক্ষা বিভাগ ও পররাষ্ট্র বিভাগকে কোনো ন্যাটো সদস্য দেশের ভূখণ্ড অবরোধ, দখল, একত্রীকরণ বা অন্য কোনোভাবে নিয়ন্ত্রণের জন্য তহবিল ব্যবহার করতে দেওয়া হবে না। বিলটি যৌথভাবে উত্থাপন করেছেন ডেমোক্র্যাট সিনেটর জিন শাহীন ও রিপাবলিকান সিনেটর লিসা মারকোস্কি।

ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে গ্রিনল্যান্ডকে আমেরিকার নিয়ন্ত্রণে আনতে হবে। তার আশঙ্কা, আমেরিকা যদি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নেয়, তবে চীন বা রাশিয়া এই অঞ্চলের খনিজ সম্পদ ও ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এ বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।

সিনেটর জিন শাহীন এক বিবৃতিতে বলেন, এই আইন স্পষ্ট করে দিচ্ছে যে আমেরিকার করদাতাদের অর্থ এমন কোনো কাজে ব্যবহার করা যাবে না, যা ন্যাটোর প্রতিশ্রুতির পরিপন্থী। অন্যদিকে সিনেটর লিসা মারকোস্কি বলেন, ন্যাটো হলো বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা বলয়। তিনি সতর্ক করে বলেন, আমেরিকা তার মিত্রদের বিরুদ্ধেই সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করতে পারে—এই ধারণা অত্যন্ত উদ্বেগজনক।

গ্রিনল্যান্ডের প্রায় ৫৭ হাজার বাসিন্দার অধিকাংশই আমেরিকার নিয়ন্ত্রণের বিরোধিতা করেছেন। ডেনিশ পত্রিকা বার্লিংস্কের এক জরিপে দেখা যায়, মাত্র ৬ শতাংশ মানুষ আমেরিকার সঙ্গে যুক্ত হতে চান, বিপরীতে ৮৫ শতাংশ মানুষ এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

এই উত্তেজনার মধ্যে বুধবার ওয়াশিংটনে বৈঠকে বসার কথা রয়েছে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন, গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোৎসফেল্ট, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। এছাড়া শুক্রবার ডেনমার্ক সফরে যাবে আমেরিকার এক দ্বিদলীয় কংগ্রেস প্রতিনিধিদল, যার নেতৃত্বে থাকবেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস ও রিপাবলিকান সিনেটর থম টিলিস।