বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইরানে বিক্ষোভ দমনে বিমান হামলার ইঙ্গিত ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইরানে চলমান বিক্ষোভকারীদের দমন অভিযান ঠেকাতে দেশটির ওপর বিমান হামলার বিষয়টি বিকল্প হিসেবে বিবেচনায় রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সোমবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সব সময়ই সব ধরনের বিকল্প খোলা রাখেন। তাঁর সামনে থাকা বহু বিকল্পের মধ্যে বিমান হামলাও একটি। তবে তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্প সব সময় কূটনীতির পথকেই আগে বেছে নেন।

লেভিট জানান, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে গোপন আলোচনায় ইরান প্রকাশ্যে যা বলছে তার থেকে ভিন্ন সুরে কথা বলেছে। প্রেসিডেন্ট সেই বার্তাগুলো খতিয়ে দেখতে আগ্রহী।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাদের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি ও ট্রাম্পের বিশেষ দূতের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল খোলা রয়েছে।

রবিবার ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক বাহিনী ‘খুব শক্ত বিকল্প’ বিবেচনা করছে। তাঁর দাবি, বিক্ষোভকারীদের হত্যার মাধ্যমে তেহরান তাঁর নির্ধারিত ‘লাল রেখা’ অতিক্রম করেছে। তিনি আরও জানান, ইরানের নেতারা বৈঠকের জন্য যোগাযোগ করেছেন, তবে বৈঠকের আগেই পদক্ষেপ নিতে হতে পারে।

মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, ইরানে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। কয়েক দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সীমিত তথ্যই বাইরে আসছে। লেভিটও হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট অবশ্যই তেহরানের রাস্তায় মানুষকে হত্যা হতে দেখতে চান না। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন সেটাই দেখছি।”

এই পরিস্থিতি ইরান-আমেরিকা সম্পর্ককে আরও জটিল করে তুলেছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে।