বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কিউবাকে চুক্তির আওতায় আসতে চাপ দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে সতর্ক করে বলেছেন, তারা যেন অবিলম্বে চুক্তির আওতায় আসে, অন্যথায় অনির্দিষ্ট পরিণতির মুখোমুখি হতে হবে।

রবিবার (১১ জানুয়ারি) ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন—কিউবার জন্য আর কোনো তেল বা অর্থ যাবে না, সবকিছু শূন্যে নেমে আসবে। তিনি জোরালোভাবে পরামর্শ দিয়েছেন, হাভানাকে দ্রুত একটি চুক্তিতে আসতে হবে।

এই সতর্কবার্তা আসে ভেনেজুয়েলায় আমেরিকান বাহিনীর অভিযানের এক সপ্তাহ পর। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় ডজনখানেক ভেনেজুয়েলান ও কিউবান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ভেনেজুয়েলার সঙ্গে কিউবার দীর্ঘদিনের জ্বালানি ও অর্থনৈতিক সম্পর্ক এখন বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে।

রবিবার সকালে ট্রাম্প একটি বার্তা পুনঃপ্রচার করেন, যেখানে বলা হয় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন কমিউনিস্ট-শাসিত কিউবার প্রেসিডেন্ট হতে পারেন। ট্রাম্প সেই পোস্টে মন্তব্য করেন, “এটা আমার কাছে ভালোই শোনাচ্ছে।” এর কিছুক্ষণ পর তিনি নিজেই লিখেন, কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থ পেয়েছে। এর বিনিময়ে তারা ভেনেজুয়েলার বিগত দুজন একনায়ককে নিরাপত্তা সেবা দিয়েছে। কিন্তু এখন আর নয়।

ট্রাম্প দাবি করেন, গত সপ্তাহের আমেরিকার হামলায় মাদুরোর নিরাপত্তা রক্ষী হিসেবে থাকা অধিকাংশ কিউবান নিহত হয়েছে। তার ভাষায়, “সেই গুণ্ডা ও চাঁদাবাজদের কাছ থেকে ভেনেজুয়েলার আর কোনো সুরক্ষার প্রয়োজন নেই। তারা বহু বছর ধরে দেশটিকে জিম্মি করে রেখেছিল।”

কিউবা দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল। ২০০০ সাল থেকে আমেরিকার বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে হাভানা ক্রমশ ভেনেজুয়েলার জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীল হয়ে ওঠে। হুগো শাভেজের সঙ্গে করা এক চুক্তির অংশ হিসেবে কিউবা নিয়মিত তেল পেত। এর বিনিময়ে তারা ভেনেজুয়েলাকে চিকিৎসক, নিরাপত্তা কর্মী ও অন্যান্য সেবা প্রদান করত। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি সেই দীর্ঘস্থায়ী সম্পর্ককে ভেঙে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্য কেবল কিউবাকে নয়, পুরো লাতিন আমেরিকাকে নতুন ভূরাজনৈতিক সংকটে ঠেলে দিতে পারে। ভেনেজুয়েলায় আমেরিকার হস্তক্ষেপের পর কিউবার ওপর চাপ বাড়ানো হলে দেশটির অর্থনীতি আরও বিপর্যস্ত হতে পারে। একইসঙ্গে আমেরিকার সঙ্গে কিউবার সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠবে।

ট্রাম্পের এই অবস্থানকে অনেকেই তার প্রশাসনের কঠোর পররাষ্ট্রনীতির অংশ হিসেবে দেখছেন। বিশেষ করে ভেনেজুয়েলা ও কিউবার মতো দেশগুলোতে আমেরিকার প্রভাব বিস্তারের প্রচেষ্টা নতুন করে জোরদার হচ্ছে। তবে কিউবা কীভাবে এই চাপ মোকাবিলা করবে, তা এখনো স্পষ্ট নয়।