বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকার ২০০ কোটি ডলারের মানবিক সহায়তা ঘোষণা, পাবে বাংলাদেশও

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য ২০০ কোটি ইউএস ডলার দেওয়ার ঘোষণা করেছে আমেরিকা। প্রাথমিকভাবে বাংলাদেশসহ মোট ১৭টি দেশ এই সহায়তা পাবে। সোমবার (২৯ ডিসেম্বর) জেনেভায় আমেরিকার কূটনৈতিক মিশন থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সামগ্রিকভাবে বিদেশি সহায়তা কমালেও এই অর্থকে তারা উদার সহায়তা হিসেবে উল্লেখ করেছে। আমেরিকার কর্মকর্তাদের মতে, এর মাধ্যমে দেশটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক দাতা হিসেবে অবস্থান বজায় রাখছে।

এই অর্থ একটি সমন্বিত তহবিলের মাধ্যমে বিতরণ করা হবে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) ও এর প্রধান টম ফ্লেচার বিভিন্ন সংস্থার মধ্যে অর্থ বিতরণ নিয়ন্ত্রণ করবেন। আমেরিকা বলছে, কম করদাতার অর্থে আরও কার্যকর ও ফলপ্রসূ সহায়তা নিশ্চিত করাই এই সংস্কারের লক্ষ্য।

প্রাথমিকভাবে যেসব দেশ এই সহায়তা পাবে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ, কঙ্গো, হাইতি, সিরিয়া ও ইউক্রেন। তবে আফগানিস্তান ও ফিলিস্তিনি ভূখণ্ড এই তালিকায় নেই। আমেরিকা জানিয়েছে, গাজায় আলাদা তহবিল থেকে সহায়তা দেওয়া হবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার বার্ষিক মানবিক সহায়তা সর্বোচ্চ ১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে বর্তমানে সহায়তা কমে যাওয়ায় বিভিন্ন কর্মসূচি ও সেবায় কাটছাঁটের আশঙ্কা তৈরি হয়েছে। সমালোচকদের মতে, এই সিদ্ধান্ত কোটি কোটি মানুষকে অনাহার, বাস্তুচ্যুতি ও রোগের ঝুঁকিতে ফেলছে এবং আমেরিকার বৈশ্বিক প্রভাবও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিশ্বব্যাপী সংঘাত, দুর্ভিক্ষ ও জলবায়ু পরিবর্তনজনিত সংকট বেড়ে যাওয়ায় মানবিক সহায়তার চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার নতুন সহায়তা কাঠামো আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য বড় পরিবর্তন আনতে পারে।