বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নতুন বছরের প্রথম দিনে দায়িত্ব নিচ্ছেন জোহরান মামদানি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তিনি আমেরিকার এই শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ‘ওল্ড সিটি হল স্টেশন’ নামের একটি সাবওয়ে স্টেশনে মামদানিকে শপথ পাঠ করাবেন। দুপুরে সিটি হলের বাইরে জনসাধারণের জন্য উন্মুক্ত শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

৩৪ বছর বয়সী মামদানি নিউ ইয়র্কের অন্যতম কনিষ্ঠ মেয়র। এর আগে তিনি স্টেট অ্যাসেম্বলির স্থানীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী প্রচারণায় তিনি জীবনযাত্রার ব্যয় কমানো, ১০ লাখ অ্যাপার্টমেন্টে ভাড়া স্থগিত রাখা, ২ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ, সবার জন্য শিশুযত্ন সুবিধা, সরকারি মালিকানাধীন সুপারমার্কেট এবং বিনা ভাড়ার বাস চালুর প্রতিশ্রুতি দেন।

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জন কেইন বলেন, নির্বাচনের পর প্রতীকী বিষয় নয়, বরং বাস্তব ফলাফলই ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে মামদানি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে সুসম্পর্কের কারণে কর বাড়ানোর মতো পদক্ষেপ বাস্তবায়নে সুবিধা পেতে পারেন।

প্রচারণায় ফিলিস্তিনি অধিকারের সমর্থক হিসেবে পরিচিত মামদানি মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় শহরের বহুজাতিক সম্প্রদায়ের কাছে অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব প্রদর্শনের চ্যালেঞ্জও মোকাবিলা করবেন। সম্প্রতি তাঁর এক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ইহুদিবিদ্বেষী টুইটের কারণে পদত্যাগ করায় বিষয়টি আলোচনায় আসে।

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংলাপ শুরু করেছেন। রিয়েল এস্টেট খাতের নেতারা আশঙ্কা করেছিলেন ধনী নিউ ইয়র্কবাসীরা শহর ছাড়তে পারেন, তবে সাম্প্রতিক সময়ে তারা সে দাবি নাকচ করেছেন।

সাংস্কৃতিক দিক থেকেও মামদানি তরুণ প্রজন্মের কাছে পরিচিত। র‌্যাপ সংগীতে অংশগ্রহণ, ইম্প্রোভ ক্লাস করা এবং ফ্যাশন ম্যাগাজিনে প্রচ্ছদে আসা তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছে। তাঁর স্ত্রী সিরিয়ায় জন্ম নেওয়া শিল্পী রামা দুওয়াজির প্রতি সমর্থনও নিউ ইয়র্কবাসীদের কাছে ইতিবাচকভাবে প্রতিফলিত হয়েছে।

সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী, নভেম্বর থেকে তাঁর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। নিউ ইয়র্ক ম্যাগাজিনের ‘দ্য কাট’-এর প্রচ্ছদে স্থান পাওয়া তাঁর সাংস্কৃতিক প্রভাবক হিসেবে অবস্থানকে আরও দৃঢ় করেছে।