ফ্লোরিডার মার-এ-লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবারের (২৮ ডিসেম্বর) বৈঠক শেষে ট্রাম্প জানান, আলোচকরা ইউক্রেন শান্তি চুক্তির দিকে “আরও কাছাকাছি” পৌঁছাচ্ছেন। তবে তিনি স্বীকার করেছেন, এখনও বেশ কিছু জটিল বিষয় রয়ে গেছে এবং সেগুলো কবে সমাধান হতে পারে তার নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয়। বার্তা সংস্থা সিএনএন-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
যেকোনো চুক্তির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মতি প্রয়োজন হবে। আজ ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন এবং শিগগিরই আবারও ফোনালাপ হওয়ার কথা রয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, আমেরিকা ও ইউক্রেনের দলগুলো আগামী সপ্তাহেই আবার বৈঠকে বসতে পারে এবং শান্তি পরিকল্পনার বাকি বিষয়গুলো চূড়ান্ত করতে পারে।
এর আগে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, নতুন বছরের আগেই অনেক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তিনি মনে করেন, সমাধান নির্ভর করছে তাদের ওপর যারা ইউক্রেনকে সাহায্য করছে এবং যারা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করছে। ফ্লোরিডায় পৌঁছানোর পর তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও ফোনে কথা বলেন এবং ফ্রন্টলাইনের পরিস্থিতি ও রাশিয়ার হামলার পরিণাম সম্পর্কে অবহিত করেন।
অন্যদিকে, পুতিন অভিযোগ করেছেন, ইউক্রেনের নেতারা শান্তিপূর্ণ উপায়ে দ্রুত যুদ্ধ শেষ করতে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কিয়েভ শান্তিপূর্ণভাবে সংঘাতের সমাধান করতে না চায়, তবে রাশিয়া বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে শক্তি প্রয়োগ করেই এর সমাধান করবে।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ট্রাম্প-জেলেনস্কি বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত কিয়েভে রাশিয়ার তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। রাজধানীর বহু মানুষ তীব্র শীতে আবাসিক তাপ সরবরাহ থেকে বঞ্চিত হন।




