আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বড়দিন উপলক্ষে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ছাড়তে উৎসাহিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, যারা বছরের শেষের আগে স্বেচ্ছায় আমেরিকা ছাড়তে সম্মত হবেন, তারা তিন হাজার ডলার নগদ সহায়তা এবং নিজ দেশে ফেরার সম্পূর্ণ ভ্রমণ ব্যয় পাবেন।
ডিএইচএসের বিবৃতিতে বলা হয়েছে, সিবিপি (কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন) হোম অ্যাপের মাধ্যমে নিবন্ধন করলে অভিবাসীরা বিনামূল্যের ফ্লাইটের পাশাপাশি নগদ ভাতা পাবেন। এছাড়া দেশ ত্যাগে ব্যর্থতার কারণে আরোপিত যেকোনো বেসামরিক জরিমানা বা দণ্ডও মওকুফ হবে।
এই প্রণোদনা মে মাসে ঘোষিত এক হাজার ডলারের প্রস্তাবের তুলনায় তিন গুণ বেশি। বড়দিনের মৌসুমে নির্বাসন প্রক্রিয়া দ্রুততর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ডিএইচএস জানিয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন, “এই ছুটির মৌসুমে একজন অবৈধ অভিবাসীর জন্য সবচেয়ে ভালো উপহার হতে পারে স্বেচ্ছায় দেশ ত্যাগ করা। যদি তারা তা না করে, আমরা তাদের খুঁজে বের করব, গ্রেপ্তার করব এবং তারা আর কখনো আমেরিকায় ফিরতে পারবে না।”
ডিএইচএসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ অনিবন্ধিত অভিবাসী স্বেচ্ছায় আমেরিকা ছেড়েছেন। এর মধ্যে ২০২৫ সালের জানুয়ারি থেকে সিবিপি হোম অ্যাপ ব্যবহার করেছেন প্রায় ১০ হাজার অভিবাসী।




