বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকায় গ্রিন কার্ড লটারি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকায় গ্রিন কার্ড লটারি (ডিভি-১) কর্মসূচি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি রোড আইল্যান্ডের প্রোভিডেন্সে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় দুই জন নিহত ও নয় জন আহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত পর্তুগিজ নাগরিক ক্লডিও নেভেস ভ্যালেন্টে (৪৮) ২০১৭ সালে ডাইভারসিটি লটারি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রামের মাধ্যমে আমেরিকায় প্রবেশ করেছিলেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আমেরিকার স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব কার্স্টজেন নিলসেন জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে অবিলম্বে ইউএসসিআইএসকে ডিভি-১ প্রোগ্রাম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আমেরিকানরা আর ক্ষতিগ্রস্ত না হয়। একই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওই হামলার পর নেভেস ভ্যালেন্টের বিরুদ্ধে এমআইটির এক অধ্যাপক হত্যার অভিযোগও ওঠে। কয়েকদিন তল্লাশির পর বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ জানায়, তিনি আত্মহত্যা করেছেন।

আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, অভিবাসনের হার কম এমন দেশগুলোর নাগরিকদের জন্য প্রতি বছর প্রায় ৫৫ হাজার স্থায়ী আবাসিক ভিসা দেওয়া হয়। এ লটারিতে অংশ নিতে ন্যূনতম উচ্চমাধ্যমিক শিক্ষা বা নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন হয় এবং চূড়ান্ত অনুমোদনের আগে আবেদনকারীদের সাক্ষাৎকারসহ বিভিন্ন যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।