আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার জাতির উদ্দেশে ১৯ মিনিটের ভাষণ দিয়েছেন। এতে তিনি তাঁর প্রশাসনের সাফল্য তুলে ধরেন, অভিবাসীদের নিয়ে কড়া মন্তব্য করেন এবং ডেমোক্র্যাটিক পূর্বসূরি জো বাইডেনকে আক্রমণ করেন।
ভাষণের শুরুতে ট্রাম্প বলেন, “জাতি হিসেবে আমরা শক্তিশালী। আমাদের দেশ আগের যেকোনো সময়ের চেয়ে শক্ত অবস্থানে ফিরে এসেছে। আমরা এমন এক অর্থনৈতিক উল্লম্ফনের দ্বারপ্রান্তে, যা বিশ্ব আগে কখনো দেখেনি।” তিনি দাবি করেন, দেশের পরিস্থিতি ভালো যাচ্ছে, যদিও সাম্প্রতিক জরিপে তাঁর জনপ্রিয়তা কমতে দেখা গেছে।
এরপর তিনি অভিবাসীদের দিকে অভিযোগের তীর ছোঁড়েন। ট্রাম্প বলেন, আবাসন সংকটসহ নানা সমস্যার জন্য অভিবাসীরা দায়ী। অবৈধ অভিবাসীরা আমেরিকানদের চাকরি কেড়ে নিয়েছে, জরুরি বিভাগগুলো তাদের দিয়ে ভর্তি, তারা বিনা খরচে স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ পাচ্ছে—যার ব্যয় বহন করছেন করদাতারা। তিনি আরও দাবি করেন, অভিবাসীরা আইনশৃঙ্খলা রক্ষার ব্যয় অস্বাভাবিকভাবে বাড়িয়েছে।
তবে গবেষণা বলছে ভিন্ন কথা। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের ২০২৩ সালের বিশ্লেষণে দেখা যায়, অভিবাসীরা সে বছর ৬৫১ বিলিয়ন ডলারের বেশি কর পরিশোধ করেছেন এবং ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করেছেন। কৃষি ও নির্মাণসহ গুরুত্বপূর্ণ খাতে তাদের অবদান দেশের খাদ্য সরবরাহ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করেছে।
ভাষণে ট্রাম্প জীবনযাত্রার ব্যয় কমার প্রসঙ্গও তোলেন। তিনি দাবি করেন, মার্চ থেকে ডিমের দাম ৮২ শতাংশ কমেছে এবং টার্কির দাম ৩৩ শতাংশ কমেছে। তবে এসব তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। বাস্তবে বার্ড ফ্লুর কারণে ফেব্রুয়ারিতে ডিমের দাম সর্বোচ্চ হয়েছিল, পরে তা স্বাভাবিক হয়েছে। টার্কির দামের উৎসও স্পষ্ট নয়।
ট্রাম্প আরও বলেন, অনেক এলাকায় পেট্রলের দাম প্রতি গ্যালন ২ দশমিক ৫০ ডলার, কিছু অঙ্গরাজ্যে ১ দশমিক ৯৯ ডলারেও নেমে এসেছে। কিন্তু আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) অনুযায়ী বুধবার জাতীয় গড় দাম ছিল ২ দশমিক ৯০ ডলার, যা নভেম্বরের গড় ৩ ডলারের কাছাকাছি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ভাষণ ছিল প্রশাসনের সাফল্য প্রচার ও অভিবাসীদের দায়ী করার প্রচেষ্টা, যদিও বাস্তব তথ্যের সঙ্গে তাঁর কিছু দাবি পুরোপুরি মেলে না।




