আমেরিকা আরও ২০টি দেশ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় এনেছে। এর ফলে এ বছরের শুরুতে ঘোষিত কঠোর ভ্রমণ ও অভিবাসন সীমাবদ্ধতার তালিকায় অন্তর্ভুক্ত দেশের সংখ্যা প্রায় দ্বিগুণ হলো। ট্রাম্প প্রশাসন নতুন করে সাতটি দেশের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও লাওস রয়েছে। পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যুকৃত ভ্রমণ নথি বহনকারীদের ওপরও আমেরিকায় প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রিপাবলিকান প্রশাসন এ ঘোষণা দেয়।
এ ছাড়া আরও ১৫টি দেশের নাগরিকদের ওপর আংশিক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর মধ্যে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া, আইভরি কোস্ট ও সেনেগাল রয়েছে। উল্লেখযোগ্য যে, আইভরি কোস্ট ও সেনেগাল আগামী বছর আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে অংশ নেবে। যদিও ট্রাম্প প্রশাসন বিশ্বকাপের খেলোয়াড়দের আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, নিষিদ্ধ তালিকাভুক্ত দেশগুলোর সমর্থকদের জন্য কোনো আশ্বাস দেওয়া হয়নি।
ট্রাম্প প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপ আমেরিকায় ভ্রমণ ও অভিবাসনের ক্ষেত্রে প্রবেশের মানদণ্ড আরও কঠোর করার চলমান প্রচেষ্টার অংশ। তবে সমালোচকদের মতে, এই সিদ্ধান্ত নানা দেশের মানুষের জন্য অন্যায্যভাবে ভ্রমণ বন্ধ করে দিচ্ছে। প্রশাসন ইঙ্গিত দিয়েছে, থ্যাংকসগিভিং সপ্তাহান্তে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলির ঘটনায় অভিযুক্ত এক আফগান নাগরিক গ্রেপ্তারের পরই তারা নিষেধাজ্ঞা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়।
যাঁদের কাছে বৈধ ভিসা রয়েছে, আমেরিকার স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী), কূটনীতিক, ক্রীড়াবিদসহ নির্দিষ্ট কিছু ভিসা শ্রেণির আওতায় পড়েন, অথবা যাঁদের প্রবেশ আমেরিকার স্বার্থে সহায়ক বলে বিবেচিত, তাঁরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়েছে, যারা ‘আমেরিকানদের জন্য হুমকি হতে পারে’ এমন বিদেশিদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। পাশাপাশি আমেরিকার সংস্কৃতি, সরকার বা প্রতিষ্ঠানের নীতির ক্ষতি করতে পারে এমন বিদেশিদের ঠেকানোই এই পদক্ষেপের উদ্দেশ্য।
ঘোষণায় বলা হয়েছে, এই পরিবর্তনগুলো আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ৪০টি দেশ আমেরিকার ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। আন্তর্জাতিক অঙ্গনে এই পদক্ষেপ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকরা বলছেন, এটি বৈশ্বিক যোগাযোগ ও মানবিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। অন্যদিকে প্রশাসন দাবি করছে, জাতীয় নিরাপত্তা রক্ষার জন্যই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।




